হিন্দু সম্পত্তি দখল করে কোটিপতি টিটুর ‘অস্ত্রবাড়ি-মাদক, হত্যা ও গ্যাং রাজত্বের গোপন ফাঁদ!
হিন্দুদের সম্পত্তি জবরদখল করে তৈরি হয়েছে এক রহস্যময় বিলাসবহুল বাড়ি—৭টি কক্ষ, ৬টি এসি, চোখধাঁধানো নির্মাণশৈলী। অনুসন্ধানে জানা গেছে, একসময় গাড়ি চালিয়ে দিন কাটানো আব্দুর রহিম মিয়ার পুত্র টিটু, বর্তমানে একজন কুখ্যাত যুবলীগ নেতা, চাঁদাবাজি, ছিনতাই, অস্ত্র ও মাদক ব্যবসার জন্য পরিচিত।
কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সংরাইশ বড় পুকুর পূর্ব পাড় এবং সালেহা স্কুল সংলগ্ন গলির শেষ মাথায় বিশাল জায়গাজুড়ে তাদের প্রভাব বিস্তার। এলাকাবাসীর অভিযোগ, মহানগর যুবলীগের শীর্ষ নেতাদের সখ্যতায় টিটু দলবলে আওয়ামী বাহার লীগের কর্মসূচি পালন করে ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক পদে অধিষ্ঠিত হন। ১৬ বছরে দেশের বিভিন্ন স্থানে বাড়ি, জমি, সম্পদ গড়ে তোলেন তিনি।
স্থানীয়দের মতে, টিটুর নেতৃত্বে ভয়ংকর কিশোর গ্যাং ছিনতাই, অপহরণ, নারীবিদ্রোহ, ভুয়া মামলা, এবং দলিল জালিয়াতির মাধ্যমে সরকারি-বেসরকারি জায়গা দখলে নেমেছে। ৫ আগস্টের আগে টিক্কার কবরস্থান গেইট থেকে সংরাইশমুখী সড়কের ৫ কোটি টাকার সরকারি প্রকল্প দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করা হয়। বাড়ির পাশে নিয়মিত মাদকের বাজার বসে।
বিএনপি ও জামায়াতপন্থী ত্যাগী কর্মীদের মতে, টিটুর আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করা জরুরি। জননিরাপত্তা নিশ্চিত না হলে যুবসমাজ ধ্বংসের মুখে। প্রত্যক্ষদর্শীরা বলেন, গোমতী নদীর নৌপুলিশ না থাকায় নৌকা দিয়ে ভারতীয় মাদক-অস্ত্র এ অঞ্চলে প্রবেশ করে, গাড়িতে লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে পৌঁছায়। ১৬ বছরে বাহার লীগের টেন্ডার, অস্ত্র, ও মাদক সিন্ডিকেট কোটি কোটি টাকার পাহাড় গড়েছে।
ফ্যাসিস্ট শাসনের আমলে কুমিল্লায় গণহত্যা, সন্ত্রাস, এবং চরম সহিংসতার মধ্যে কিশোর গ্যাং টিটু বাহিনী ব্যাপক ভূমিকা রাখে। ৫ আগস্টের পরবর্তী সরকার আমলেও ভয়ংকর গ্যাংটি সক্রিয় রয়েছে। এলাকাবাসী জানায়, টিটু (৩৮), পিতা: আব্দুর রহিম, সাং: সংরাইশ, থানাঃ কোতোয়ালি মডেল, জেলাঃ কুমিল্লা—অস্ত্র ও মাদক কারবারের চিহ্নিত ব্যক্তি।
অভিযোগ অস্বীকার করে টিটু বলেন, তিনি ভূমি রেজিস্ট্রি অফিসের মহুরী এবং তার বিএনপি-জামায়াত লাইনে আছে, “আপনি লিখলেও আমার কিছু হবে না” বলে মন্তব্য করেন।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম জানান, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। সেনাবাহিনীর যৌথ অভিযান জনসেবায় প্রশংসিত হচ্ছে।
অনুসন্ধানে আরও জানা যায়, ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বিএনপি নেতা মতিন সর্দারকে (৬৯) কুপিয়ে হত্যা করা হয়। সাবেক কাউন্সিলর সোহেল ও হরিপদ সাহা কে প্রকাশ্যে গুলি করে হত্যা, মহসিন হত্যাকাণ্ডের মামলায় বাদী সহিদ খুন, হৃদয়, জনু—সবাই জমি বা ব্যক্তিগত বিরোধে গ্যাং দ্বারা হত্যার শিকার।
গণহত্যা, সাংবাদিক নির্যাতন, ব্যবসায়ী কুদুস মিয়াকে ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে হত্যা—সব মিলিয়ে ২০টিরও অধিক লোমহর্ষক হত্যাকাণ্ডে রক্তাক্ত হয়েছে কুমিল্লা শহর। স্থানীয়রা বলছেন, এখনই ব্যবস্থা না নিলে এ অঞ্চল ভয়ংকর বিপদের মুখে।



















