কুমিল্লায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১১
কুমিল্লা নগরীর ধর্মপুর রেলগেট এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে মাদক ব্যবসায়ীদের এই হামলায় অন্তত তিন পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে পুলিশ আরও পাঁচজনসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, শনিবার দুপুরে ধর্মপুর এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় ওয়ারেন্টভুক্ত আসামি মো. রবিনের কাছে একটি ছুরি পাওয়া যায়। তাকে আটক করলে স্থানীয় মাদক ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় রবিন এক পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। হামলায় পুলিশের গাড়ির ক্ষতি হয় এবং তিন সদস্য আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, র্যাব ও সেনাসদস্যরা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, “আসামি রবিন ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়। রবিন হেফাজতে থাকা অবস্থায় পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। এতে একাধিক সদস্য আহত হয়েছেন।”
হামলা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—
ইমরান হোসেন ইমু ওরফে ইমন (২৮), সিয়াম (১৯), পারভেজ (৩০), আবুল কাশেম ওরফে কাইশ্যা (৫৫), আব্দুর রহমান (৩৮), মাহফুজ (২৪), চামেলী (২৮), রুজিনা (৩০), পাখি (৩২), সুমি আক্তার (১৮), মাহবুব আলম ওরফে মাসুম (৪৫)।
পুলিশ জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে হামলা, মাদক ব্যবসা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে একাধিক মামলা করা হয়েছে। পলাতক রবিনকে গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান চলছে।












