বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি সমর্থকদের মারামারি, আহত ১০

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৭:৫৬ পিএম
চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি সমর্থকদের মারামারি, আহত ১০
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে মারামারি ও হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০-১২ জন নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিৎিসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটে রবিবার দিবাগত রাতে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের দীঘির পাড় এলাকায়। সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াত ও বিএনপি পন্থী নেতাকর্মীদের মাঝে তুচ্ছ ঘটনাতে কেন্দ্র করে তর্কাতর্কির জেরে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের জগন্নাথদীঘির পাড়ে শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয় ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে উভয়পক্ষের অন্তত ১০-১২ জন কর্মী সমর্থক। ভাংচুরের ঘটনায় বিএনপি ও জামায়াত একে-অপরকে দোষারোপ করছে। অপরদিকে পৃথক একটি ঘটনায় রবিবার রাতের আঁধারে উপজেলার কালিকাপুর ইউনিয়নের রাজার বাজার ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগার কার্যালয় ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে প্রাপ্ত তথ্যে আরও জানা গেছে, জগন্নাথদীঘি ইউনিয়নের বিজয়করা পূর্বপাড়া প্রকাশ হইল্লাপাড়ার আরব হোসেন রাজু নামের বিএনপির এক সমর্থক ফেসবুকে বিতর্কিত পোস্ট ও রোববার বিকেলে স্বেচ্ছাসেবকদলের কর্মী সভায় উৎসকানিমূলক বক্তব্য এবং মিথ্যাচারের প্রতিবাদে সন্ধ্যায় জগন্নাথদীঘির পাড়ে স্থানীয় জামায়াত সমর্থকরা শহীদ জিয়া স্মৃতি সংসদে বিএনপি নেতৃবৃন্দের সাথে কথা বলতে যায়।

এ সময় উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম রাশেদের নেতৃত্বে কয়েকজন উৎশৃঙ্খলভাবে স্লোগান দিয়ে জামায়াত সমর্থকদের উপর চড়াও হয়। এর প্রতিবাদে জামায়াত সমর্থকরা তাদের উপর হামলা করলে বিএনপি সমর্থিত রফিক মেম্বার, তপনসহ কয়েকজন আহত হয়। এছাড়াও বিক্ষুব্ধরা বিএনপির সমর্থক আরব হোসেন রাজুর বাড়িতে হামলা করে। পরে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশার ছেলে আবির চৌধুরীর নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা জামায়াত কর্মী ইসমাইল হোসেনকে কুপিয়ে মারাত্মক জখম করে। এ ঘটনায় আহতদের অধিকাংশই বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছে। তবে, জামায়াত কর্মী ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার একটি বেসরকারি হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। জগন্নাথদীঘি ইউনিয়নে হামলার প্রতিবাদে উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা খালেদ সাইফুল্লাহ এর নেতৃত্বে একটি গ্রুপ কালিকাপুর ইউনিয়নের রাজার বাজার ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগার কার্যালয় ভাংচুর করেছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। সংবাদ পেয়ে দুটি ঘটনাস্থল পরিদর্শন করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশের পৃথক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন বলেন, ‘কথা কাটাকাটির জের ধরে স্থানীয় লোকজন জগন্নাথদীঘির পাড়ে বিএনপি’র একটি অফিস ভাংচুর করেছে বলে শুনেছি। পরে ছাত্রদলের হামলায় জামায়াত সমর্থক ইসমাইল হোসেন গুরুতর আহত হয়েছে। এছাড়াও একই দিন তারা রাতের আঁধারে কালিকাপুর ইউনিয়নের রাজার বাজার ইসলামী পাঠাগার ভাংচুর করেছে। শান্ত চৌদ্দগ্রামকে অশান্তের পাঁয়তারা বন্ধসহ এ ঘটনায় হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু বলেন, ‘আমরা স্বাধীনভাবে নির্বাচনী প্রচারণা করছি। কিছু দুস্কৃতিকারী সার্বিক পরিস্থিতি ঘোলাটের চেষ্টা করছে। রোববার রাতে জামায়াতের নেতাকর্মীদের হামলায় আমাদের ৮-১০ জন কর্মী-সমর্থক আহত হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানা প্রশাসনকে অনুরোধ করছি।’

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘সংবাদ পেয়েই তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় কেউই লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কুমিল্লায় সিএসই শিক্ষার্থীর মৃত্যুতে রহস্য ঘনীভূত

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:০৮ এএম
কুমিল্লায় সিএসই শিক্ষার্থীর মৃত্যুতে রহস্য ঘনীভূত

Oplus_131072

কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী জান্নাতুন নাঈম ফারিহা (২৩) রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে নগরীর মনোহরপুর মুন্সেফবাড়ি এলাকার একটি বাসা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

 

পরিবারের দাবি, ফারিহাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করছে।

 

প্রায় আট মাস আগে ফারিহার বিয়ে হয় কুমিল্লার মেঘনা উপজেলার বাসিন্দা মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ চলছিল। সম্প্রতি স্বামীর বাসায় আসার একদিন পরই তার মৃত্যু হয়।

 

নিহতের বাবা স্কুল শিক্ষক মোঃ হানিফ মিয়া অভিযোগ করেন, মেয়েকে নিয়মিত নির্যাতন করা হতো এবং হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানোর চেষ্টা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ফারিহা সিএসই বিভাগের ১২তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী ছিলেন এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতেন। তার আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

 

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হত্যা মামলার আসামি মাহবুব আলম ফেনীর এসপি

অনলাইন ডেস্ক : প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৬:৪৬ এএম
হত্যা মামলার আসামি মাহবুব আলম ফেনীর এসপি

Oplus_131072

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৫ মে) জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তার পদায়ন নিশ্চিত করা হয়।

 

তবে বুধবার (৬ মে) নিহত যুবদল নেতা মিজানুর রহমানের পরিবারের এক সদস্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে লিখিত আবেদন জমা দিয়ে মাহবুব আলমের পদায়ন বাতিল এবং তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

মাহবুব আলম দীর্ঘদিন চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় বিএনপি-জামায়াতের কর্মসূচিতে বাধা, হামলা এবং নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ভুক্তভোগীরা অভিযোগ করেন, একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা রয়েছে।

 

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার কর্মকাণ্ড সামনে আসে। ওই বছরের সেপ্টেম্বরে শিবগঞ্জ থানায় যুবদল নেতা মিজান হত্যার ঘটনায় মামলা দায়ের করেন নিহতের বাবা আইনাল হক। মামলার এজাহারে মাহবুব আলমকে ১০ নম্বর আসামি করা হয়।

 

এজাহারে বলা হয়, ২০১৬ সালে ছাত্রদল নেতা সেতাউর রহমানকে আটক করতে গিয়ে পুলিশ তার ভাই মিজানুর রহমানকে তুলে নেয়। পরে তাকে নিখোঁজ দেখানো হয়। পরিবারের অভিযোগ, মুক্তির জন্য পুলিশ বিপুল অঙ্কের টাকা দাবি করে। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর ২০১৭ সালের এপ্রিল মাসে কথিত বন্দুকযুদ্ধে মিজান নিহত হন। আরেক ভাই রেজাউল করিমের সন্ধান আজও মেলেনি।

 

সরকার পরিবর্তনের পর ভুক্তভোগীর পরিবার সংবাদ সম্মেলন করে নিখোঁজ রেজাউলের সন্ধান দাবি করে। একইসঙ্গে গুম কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা বিষয়টি তদন্ত শুরু করেন।

 

শিবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা মাহমুদ জানান, মামলার কয়েকজন আসামি গ্রেপ্তার হয়েছেন, বাকিরা পলাতক। মামলাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে চলছে এবং যেকোনো সময় বাকি আসামিদেরও গ্রেপ্তার করা হবে।

চৌদ্দগ্রামে কাপনের কাপড় পাঠিয়ে কৃষককে হত্যার হুমকি, থানায় জিডি

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৮:২৮ পিএম
চৌদ্দগ্রামে কাপনের কাপড় পাঠিয়ে কৃষককে হত্যার হুমকি, থানায় জিডি

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে আবদুর রহমান (৫৬) নামে এক কৃষককে ৭ টুকরো করে হত্যা করার হুমকি প্রদান করে ডাকযোগে কাপনের কাপড়ের পার্সেল পাঠিয়েছে অজ্ঞাতনামা দুবৃর্ত্তরা। আবদুর রহমান উপজেলার পৌরসভাধিন ৭নং ওয়ার্ডের চন্ডিপুর গ্রামের মোক্তল হোসেনের ছেলে। এ ঘটনায় তিনি জীবনের নিরাপত্তা চেয়ে বুধবার দুপুরে চৌদ্দগ্রাম মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। সন্ধায় তথ্যটি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।

সাধারণ ডায়েরিতে আবদুর রহমান উল্লেখ করেন, তিনি একজন সাধারণ কৃষক। তার ২ ছেলে প্রবাসে থাকে। স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে চন্ডিপুর নিজ গ্রামে বসবাস করেন। গত ৫ মে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা সদরের ডাকঘরের পিয়ন তার নামে আসা একটি খাকি খাম এবং একটি পার্সেল প্যাকেট দিয়ে যায়। এতে প্রেরকের নাম উল্লেখ করা হয় জুলাস ব্যাপারী, গ্রাম : রামরায়গ্রাম কসাই বাড়ি, চৌদ্দগ্রাম, কুমিল্লা। খামের ভিতরে থাকা একটি সাদা কাগজে “তোর কাপনের কাপড় রেডি, তুই ঘরে, রাস্তা-ঘাটে, বাজারে বা মামলার কোর্টে মরার জন্য রেডি থাইছ, তুই এখন গেংদের টার্গেট, তোর পাপ তোরে ছাড়বে না, সাত টুকরা হবি এবং স্টার চিহেৃ আরবী কিছু লেখা রয়েছে’’ জিডিতে তিনি আরও উল্লেখ করেন, পার্সেলের প্যাকেটের ভিতরে কাপনের সাদা কাপড় রক্ষিত ছিলো। আমি খামে প্রদত্ত প্রেরকের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করিলে কোন ব্যক্তি ফোন রিসিভ করে নাই। অজ্ঞাতনামা কে বা কাহারা কোন কারণে আমার নামে ডাকের মাধ্যমে হুমকিস্বরূপ হাতের লেখা চিঠি ও কাপনের কাপড় পাঠিয়েছে। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জিডিতে উল্লেখ করেন।

এই বিষয়ে ভুক্তভোগি কৃষক আবদুর রহমান বলেন, আমার সাথে কারো কোন শত্রুতা নেই। আমি একজন কৃষক। তবে আজ থেকে দেড় বছর আগে সৌদি প্রবাসী ভাগিনার স্ত্রী সালমা বেগম অন্য পুরুষের সাথে পালিয়ে যায়। সালমার বাবার বাড়ি সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া গ্রামে। এ ঘটনায় আমার বোন ফাতেমা বেগম বাদি হয়ে একটি মামলা দায়ের করে। আমি উক্ত মামলার স্বাক্ষী হিসেবে রয়েছি। যেহেতু হত্যার হুমকির চিঠিতে কোর্টের কথা উল্লেখ করা হয়েছে, ধারণা করতেছি তারাই আমাকে হত্যার হুমকি দিয়ে এই চিঠি পাঠিয়েছে। আমি থানায় জিডি করেছি। আশা করছি, পুলিশ বিষয়টির তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিষয়ে জানতে চাইলে চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, আবদুর রহমান নামে এক কৃষককে ডাকযোগে প্রাণনাশের হুমকি ও কাপনের কাপড় পাঠানোর ঘটনায় তিনি নিজে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। গুরুত্বের সাথে বিষয়টির তদন্ত চলছে। তদন্ত শেষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
Skip to toolbar