বহিষ্কৃত জাহাঙ্গীর ফরাজীর প্রত্যাবর্তন
বিএনপিতে ফিরলেন অস্ত্রসহ আটক সেই নেতা
Oplus_131072
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফরাজীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। অস্ত্রসহ যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তারের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তাকে ২০২৪ সালের ৭ নভেম্বর বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, তাকে প্রাথমিক সদস্যসহ সকল স্তরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন। তবে সর্বশেষ দলীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহাঙ্গীর ফরাজীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৭ নভেম্বর সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে পটুয়াখালীর মির্জাগঞ্জে জাহাঙ্গীর ফরাজীকে একটি পিস্তলসহ আটক করা হয়। সেই ঘটনার পরপরই দলীয় সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছিল। তবে সময়ের পরিক্রমায় দলীয় সিদ্ধান্তে পরিবর্তন এসেছে, এবং তিনি আবারও বিএনপির সদস্য হিসেবে স্বীকৃতি পেয়েছেন।



















