হোমনায় ইউএনও ক্ষেমালিকা চাকমাকে যুব স্বেচ্ছাসেবী ফোরামের বিদায়ী সংবর্ধনা
কুমিল্লার হোমনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমাকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে হোমনা যুব স্বেচ্ছাসেবী ফোরাম। শনিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সংবর্ধনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কুমিল্লা জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক উপপরিচালক মো. শামসুজ্জামানের সভাপতিত্বে এবং যুব স্বেচ্ছাসেবী ফোরামের প্রতিষ্ঠাতা সাঈদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও ক্ষেমালিকা চাকমা।
এ ছাড়া বক্তব্য দেন হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার ও হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা ইউএনও ক্ষেমালিকা চাকমার দায়িত্বশীল প্রশাসনিক ভূমিকা, উন্নয়নকাজে আন্তরিকতা ও জনবান্ধব সেবার প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।
















