সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

মুরাদনগরে এক যুগ ধরে ঝুঁকিপূর্ণ ছাত্রাবাস ভবন মরণফাঁদে পরিণত

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ১:৪৪ পিএম
মুরাদনগরে এক যুগ ধরে ঝুঁকিপূর্ণ ছাত্রাবাস ভবন মরণফাঁদে পরিণত

Oplus_131072

google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লার মুরাদনগর ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ছাত্রাবাস ভবনটি গত এক যুগ ধরে স্থানীয়দের জন্য এক ভয়াবহ আতঙ্কের নাম। অযত্ন-অবহেলায় পড়ে থাকা এই ভবনটি এখন কেবল একটি জরাজীর্ণ কাঠামো নয়, বরং একটি বিপজ্জনক মরণফাঁদে রূপ নিয়েছে। যে কোনো মুহূর্তে ধসে পড়ে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন এলাকাবাসী।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, মুরাদনগর উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই ভবনের দেয়ালের পলেস্তারা খসে পড়েছে, ছাদ ও বিমে দেখা দিয়েছে বড় বড় ফাটল। বৃষ্টির পানি জমে ভেতরের পরিবেশ হয়ে উঠেছে স্যাঁতসেঁতে ও ভুতুড়ে। রাতের অন্ধকারে দুর্বৃত্তরা ভবনের দরজা-জানালার লোহার গ্রিল খুলে নিয়ে গেছে, যা ভবনটিকে আরও অনিরাপদ করে তুলেছে।

 

স্থানীয়দের অভিযোগ, ভবনটি এখন মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। সন্ধ্যার পর থেকেই এখানে চলে মাদক সেবন ও অপরাধমূলক কর্মকাণ্ড। দিনের বেলাতেও ভবনটি পার্শ্ববর্তী দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পথচারীদের মনে আতঙ্ক সৃষ্টি করে। মুরাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ ভবনের পাশ দিয়ে যাতায়াত করে।

 

শিশুরা খেলতে খেলতে প্রায়ই ভবনের ভেতরে ঢুকে পড়ে, যেখানে রয়েছে ভাঙা ইট, গভীর গর্ত ও ধসের ঝুঁকি। অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এত গুরুত্বপূর্ণ স্থানে একটি সরকারি ভবন এভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকা প্রশাসনের চরম উদাসীনতার পরিচায়ক।

 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ময়নাল হোসেন সরকার বলেন, “ইঞ্জিনিয়ার দ্বারা পরীক্ষা করে যদি ভবনটি সংস্কারে উপযোগী না হয়, তবে দ্রুত এটি ভেঙে ফেলা উচিত, নইলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”

 

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান বলেন, “বিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত আবেদন করলে দ্রুত তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বিএনপির সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর নিয়ে বিতর্ক

অনলাইন ডেস্ক : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৪:৩৯ পিএম
বিএনপির সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর নিয়ে বিতর্ক

Oplus_131072

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত ৩৬ জনের তালিকায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুরের নাম উঠে আসে।

 

তালিকার ২০ নম্বরে থাকা সুবর্ণা ঠাকুরকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগের কমিটিতে তার নাম অনুমতি ছাড়াই রাখা হয়েছিল। সুবর্ণা বলেন, “আওয়ামী লীগের কোনো রাজনীতিতে সক্রিয় ছিলাম না। আমার স্বইচ্ছায় নাম রাখা হয়নি।”

 

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে তাকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকতে দেখা গেছে। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সুবর্ণা ঠাকুর উপজেলা আওয়ামী লীগের পদে ছিলেন। এখন অস্বীকার করে তিনি প্রতারণা করছেন।”

 

সুবর্ণা ঠাকুর মতুয়া সম্প্রদায়ের একজন নারী এবং ওড়াকান্দি হরিচাঁদ ঠাকুর পরিবারের সদস্য। তিনি পেশায় শিক্ষক।

 

বিএনপি গত ১০, ১১ ও ১২ এপ্রিল তিনদিনে প্রায় ১ হাজার ৩শ’টি মনোনয়ন ফরম বিক্রি করে, যার মধ্যে প্রায় ৯শ’টি জমা পড়ে। অবশেষে ৩৬ জনকে মনোনীত করে দলটি চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে।

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থী চূড়ান্ত তালিকা প্রকাশ

অনলাইন ডেস্ক : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৪:১৬ পিএম
বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থী চূড়ান্ত তালিকা প্রকাশ

Oplus_131072

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপি তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তালিকাটি ঘোষণা করেন।

 

প্রকাশিত তালিকায় রয়েছেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুন রায় চৌধুরীসহ মোট ৩৬ জন প্রার্থী।

 

এর আগে গত ১৭ এপ্রিল রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। পরদিন ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়।

 

বিএনপি গত ১০, ১১ ও ১২ এপ্রিল তিনদিনে প্রায় ১ হাজার ৩শ’টি মনোনয়ন ফরম বিক্রি করে। প্রতিটি ফরমের মূল্য ছিল দুই হাজার টাকা এবং জমার সময় আরও ৫০ হাজার টাকা জামানত দিতে হয়। এর মধ্যে প্রায় ৯শ’টি মনোনয়নপত্র জমা পড়ে।

 

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ হবে আগামী ১২ মে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল, যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিলের সুযোগ থাকবে ২৬ এপ্রিল এবং নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।

 

উল্লেখ্য, জাতীয় সংসদের মোট ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে ৫০টি। এর মধ্যে বিএনপি জোটের জন্য ৩৬টি আসন নির্ধারিত হয়েছে।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণ

রুহুল আমিন চৌধুরী সুমন : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৩:২২ এএম
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কবি কাজী নজরুল ইসলাম হলে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে তীব্র আলোচনার সৃষ্টি হলেও তদন্ত শেষে বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি হিসেবে চিহ্নিত হয়েছে। হল তত্ত্বাবধায়ক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া স্পষ্টভাবে জানিয়েছেন, এ ঘটনায় কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি। বিশেষ করে ছাত্রদলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে।

 

গত ১৫ এপ্রিল ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্স শিক্ষার্থী আরিফুল ইসলাম হল তত্ত্বাবধায়কের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি ১১ জন শিক্ষার্থীর নাম উল্লেখ করেন এবং আরও ১৫-১৬ জন অজ্ঞাতনামা শিক্ষার্থী তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে বলে দাবি করেন। এ অভিযোগে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

অভিযোগের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক অভিযুক্তদের ডেকে ২০ মার্চ রাতে জিজ্ঞাসাবাদ করেন। দীর্ঘ আলোচনার পর প্রমাণ ও বিবরণ পর্যালোচনা করে বিষয়টি ভুল বোঝাবুঝি হিসেবে মীমাংসা করা হয়।

 

অভিযোগকারী আরিফুল ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, “এটি আসলে ভুল বোঝাবুঝি ছিলো। তত্ত্বাবধায়ক স্যার সমাধান দিয়েছেন, আমি তাতে সন্তুষ্ট। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না।”

 

অভিযুক্তদের মধ্যে ছাত্রদলের তারেক রহমান অভিযোগকে চক্রান্ত আখ্যা দিয়ে বলেন, “এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এখানে অনেকেই পদপ্রার্থী, তাই লড়াইটা আসলে নিজ ঘরের ভেতরেই।”

 

তত্ত্বাবধায়ক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া বলেন, “শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে সংশ্লিষ্টদের ডেকে বিষয়টি মীমাংসা করা হয়েছে। ছাত্রদলের সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ অসত্য।”

×
Skip to toolbar