মালিবাগের বাসা থেকে সাংবাদিক শওকত মাহমুদ আটক
Oplus_131072
জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি এবং সদ্য গঠিত জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব সাংবাদিক শওকত মাহমুদকে রাজধানীর মালিবাগের নিজ বাসা থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার বিকালে ডিবির একটি দল তাকে বাসা থেকে তুলে নিয়ে যায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, “শওকত মাহমুদ বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন। বিকালে তার মালিবাগের বাসা থেকে তাকে ডিবির টিম নিয়ে আসে।”
তবে তাকে কোনো মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কি না—এ বিষয়ে ডিসি তালেবুর রহমান বলেন, “এ সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই।”
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। দলটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং মহাসচিবের দায়িত্বে রয়েছেন শওকত মাহমুদ। এর আগে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
শওকত মাহমুদের হঠাৎ এই আটকের ঘটনায় সাংবাদিক মহল ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই বিষয়টিকে রাজনৈতিক প্রেক্ষাপটে দেখছেন। তবে ডিবির পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
সাংবাদিক সমাজ ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, একজন প্রবীণ সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে এভাবে আটক করা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তারা দ্রুত তার মুক্তি ও ঘটনার স্বচ্ছ তদন্ত দাবি করেছেন।



















