বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

নামাজ শেষে মাছ কিনতে গিয়ে কাভার্ডভ্যানে পিষ্ট

চাঁদপুর সংবাদদাতারা : প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ১:০২ পিএম
নামাজ শেষে মাছ কিনতে গিয়ে কাভার্ডভ্যানে পিষ্ট
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় কাভার্ডভ্যানের চাপায় মোহাম্মদ রোমান (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই তরুণ। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

নিহত রোমান ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব চরকুমিরা গ্রামের জমাদার বাড়ির মো. জসিম জমাদারের ছেলে। আহতরা হলেন একই গ্রামের রফিকুল হকের ছেলে বাপ্পি (১৮) ও আব্দুর রাজ্জাকের ছেলে মো. সোহাগ (১৭)।

 

স্থানীয়রা জানান, ফজরের নামাজ আদায় করে রোমান ও তার দুই বন্ধু মাছ কিনতে পায়ে হেঁটে ভাটিয়ালপুর চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। শীতল পাটোয়ারি বাড়ির সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোমানকে মৃত ঘোষণা করেন। আহত বাপ্পি ও সোহাগকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

 

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কাভার্ডভ্যানসহ চালক মো. ইমরান (২৬) ও তার সহযোগী মো. ইকরাম (২৩)-কে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ জানায়, আটক ইমরান ও ইকরাম সহোদর এবং তাদের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার উত্তমাবাদ গ্রামে। তারা চট্টগ্রাম থেকে চাঁদপুর হয়ে বরিশালের দিকে যাচ্ছিলেন।

 

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, কাভার্ডভ্যানসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাবস্টেশনহীন দুই দশক একাডেমিক কার্যক্রমে স্থবিরতা

দীপা সরকার : প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:১২ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাবস্টেশনহীন দুই দশক একাডেমিক কার্যক্রমে স্থবিরতা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রতিষ্ঠার প্রায় দুই দশক পেরিয়ে গেলেও এখনো হয়নি নিজস্ব সাব-স্টেশন। ফলে প্রতিদিন গড়ে ছয় থেকে সাতবার বিদ্যুৎ বিভ্রাটে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ঈদুল ফিতরের ছুটির পর থেকে বিদ্যুৎ বিভ্রাট আরও বেড়েছে। জেনারেটর সুবিধা না থাকায় শিক্ষার্থীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

 

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী হলের শিক্ষার্থী সোনিয়া আক্তার বলেন, দুপুরে বিদ্যুৎ চলে গেলে ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন হয়, পুনরায় সংযুক্ত হতে সময় লাগে। এতে পড়াশোনার ক্ষতি হচ্ছে।

 

বিজয়–২৪ হলের শিক্ষার্থী মোহাম্মদ লোকমান জানান, রাতে নিয়মিত লোডশেডিং পড়াশোনার ধারাবাহিকতা নষ্ট করছে। গরমে হলে থাকা ও বিশ্রাম নেওয়াও কষ্টকর হয়ে পড়েছে। তিনি স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগের দাবি জানান।

 

কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট মো. হারুন বলেন, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ল্যাব পরীক্ষায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ অপরিহার্য। অথচ বিশ্ববিদ্যালয়ে প্রায়ই বিদ্যুৎ থাকে না।

 

প্রকৌশল দপ্তরের সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের বিদ্যুতের চাহিদা প্রায় ৬০০ কিলোওয়াট, যা পিডিবি সরবরাহ করছে। গাছপালা কাটার কারণে সাময়িক সংযোগ বন্ধ রাখা হয়েছিল, পাশাপাশি কিছুটা লোডশেডিংও হচ্ছে। কোটবাড়ী সাব-স্টেশনের সঙ্গে আলোচনা চলছে যাতে বিশ্ববিদ্যালয়ের লাইন বিআইপি লাইনের আওতায় আনা যায়।

 

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে পিডিবিকে চিঠি দেওয়া হয়েছে। দ্রুত সাড়া না পেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সমাধান খোঁজা হবে।

চান্দিনা মাইজখার ইউনিয়নে মাদকের বিরুদ্ধে মানববন্ধন

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৪:৪৩ পিএম
চান্দিনা মাইজখার ইউনিয়নে মাদকের বিরুদ্ধে মানববন্ধন

চান্দিনা প্রতিনিধি:

চান্দিনা মাইজখার ইউনিয়ন-এ অবস্থিত এ. এম. এফ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাদক, ইভটিজিং ও সামাজিক অপরাধের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

(২১ এপ্রিল) মঙ্গলবার সকালে বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনের নেতৃত্ব দেন বিশিষ্ট সমাজ সেবক ওমর ফারুক মৈশান। বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা উল্লেখ করেন, বর্তমান সংসদ সদস্য আতিকুল আলম শাওন প্রতিটি ইউনিয়নে মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে এবং প্রতিরোধ গড়ে তুলতে সকলকে আহ্বান জানিয়েছেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, এলাকায় মাদকসেবী ও ইভটিজারদের কারণে তাদের বিদ্যালয়ে আসা-যাওয়ায় নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এতে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

শিক্ষার্থীরা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তারা প্রশাসনের কাছে দাবি জানান, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে মাদক ব্যবসায়ী ও বখাটেদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হোক।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষা করতে হলে এখনই মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। একই সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত তৎপরতার মাধ্যমে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।

‎কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

মো: সাখাওয়াত হোসেন হৃদয় প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১১:৪৪ এএম
‎কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক মূল্য ৭২ লাখ ১৬ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২১ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর বিওপির টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়।

‎অভিযানকালে সীমান্তের ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নির্ভয়পুর নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য প্রায় ৭২ লাখ ১৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

‎বিজিবি আরও জানায়, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

‎সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

×
Skip to toolbar