নেপাল-ভারত-বাংলাদেশে ত্রিমুখী চক্রান্ত লক্ষ্য নির্বাচন, টার্গেটে জনপ্রিয় নেতারা
Oplus_131072
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নেপাল, ভারত ও বাংলাদেশের মধ্যে গড়ে উঠেছে এক ভয়াবহ ত্রিমুখী চক্রান্ত—এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সহায়তায় অন্তত ৮০ জন আততায়ী বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।
জুলকারনাইন সায়েরের ভাষ্য অনুযায়ী, আন্ডারওয়ার্ল্ড, কুষ্টিয়া-মেহেরপুর অঞ্চলের চরমপন্থি গ্রুপ এবং ভারতের পশ্চিমবঙ্গের পলাতক অপরাধীরা একত্রিত হয়ে নির্বাচনী সহিংসতার ছক কষছে। তাদের মূল লক্ষ্য—জনপ্রিয় প্রার্থী ও কেন্দ্রীয় নেতাদের টার্গেট করে নির্বাচন বানচাল করা।
তিনি আরও জানান, পশ্চিমবঙ্গ পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি সুব্রত বাইনের হ্যান্ডলার ছিলেন, সম্প্রতি জামিনে থাকা কুখ্যাত অপরাধী পিচ্চি হেলাল এবং গণমুক্তি ফৌজের প্রধান মুকুলের সঙ্গে টেলিফোন কনফারেন্সে অংশ নেন। এই কনফারেন্সে নির্বাচনী সহিংসতার রূপরেখা চূড়ান্ত করা হয়।
সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো—কারাগারে থাকা সুব্রত বায়েন তার মেয়ের মোবাইল ব্যবহার করে এই কনফারেন্সে যুক্ত হন। এরপর তার মেয়ে সিনথিয়া বিতু নেপালে পলাতক বিডিআর মামলার আসামি লেদার লিটন, বাড্ডার বড় সাঈদ ও দিপুর সঙ্গে কথোপকথনের ব্যবস্থা করে দেয়।
জুলকারনাইন সায়ের সতর্ক করে বলেন, “নির্বাচন বানচাল এবং দেশকে চরম অস্থিতিশীল করতে বিশেষ গোষ্ঠী সর্বোচ্চ চেষ্টা করে যাবে। একতাবদ্ধ থেকে এদের মোকাবেলা করাই একমাত্র উপায়।”
এই পোস্ট ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। নিরাপত্তা বিশ্লেষকরা বিষয়টিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন এবং দ্রুত তদন্ত ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।


















