মনোহরগঞ্জে শরিফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, খুনীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
ভারতীয় আগ্রাসনবিরোধী জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখ্যপাত্র শরিফ ওসমান হাদীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং খুনীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ইনকিলাব মঞ্চ সমর্থক ফোরাম মনোহরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি লেখক ও অ্যাক্টিভিস্ট মোস্তাফিজুর রহমান মাসুদের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনোহরগঞ্জ বাজারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তব্য দেন মৈশাতুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. মহিনউদ্দীন, ইসলামি ছাত্র শিবির মনোহরগঞ্জ উপজেলা সভাপতি মো. মির হোসেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোহরগঞ্জ উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. শাহাজান শামীম হোসেন, উপজেলা যুবদল নেতা হাসান পাটোয়ারী ও মো. শরীফ হোসেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ বিক্ষোভে অংশ নেন।
বক্তারা বলেন, শরিফ ওসমান হাদী হত্যাকাণ্ড একটি নৃশংস ও পূর্বপরিকল্পিত অপরাধ। এই হত্যার মাধ্যমে মতপ্রকাশ ও প্রতিবাদের কণ্ঠ রুদ্ধ করার অপচেষ্টা চালানো হয়েছে। তারা অবিলম্বে খুনীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে এ ধরনের সহিংসতা, আগ্রাসন ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
বিক্ষোভ মিছিল শেষে নিহত শরিফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা ও ন্যায়বিচারের দাবিতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মনোহরগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান আল জাবেরী সাহেব।
















