হাদি হত্যার বিচার দাবিতে দেবিদ্বারে বিক্ষোভ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতা। শুক্রবার বাদ আসর উপজেলা পরিষদ মসজিদ প্রাঙ্গণ থেকে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট এলাকায় মুক্তিযুদ্ধ চত্বরে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ।
সমাবেশে বক্তারা বলেন, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড জাতির বিবেককে নাড়া দিয়েছে। অবিলম্বে হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, বিচারহীনতার সংস্কৃতিই এমন নৃশংস হত্যাকাণ্ডকে উৎসাহিত করছে। এ সময় শিক্ষার্থীরা হাদি হত্যার বিচার, স্বৈরাচারবিরোধী ও ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তব্য রাখেন দেবিদ্বার পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. তমিজ উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সিয়াম আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম, উপজেলা শিবির সভাপতি সাইফুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির উপজেলা সদস্য রায়হান সিদ্দিকী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হাসান, ছাত্রনেতা মো. জহিরুল ইসলাম, জুলাই আহত যোদ্ধা তুষার মোল্লা, আজিম পাঠান, ইয়াছিন আরাফাত, মো. ওবায়দুল হক, সাদিয়া আফরিন সোহা প্রমুখ।
বক্তারা হাদি হত্যার দ্রুত বিচার নিশ্চিত না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন। বিক্ষোভ সমাবেশ শেষে বাদ মাগরিব উপজেলা পরিষদ মসজিদে শরিফ ওসমান হাদির মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


















