গ্যাস সিলিন্ডারে বাড়তি দাম কুমিল্লায় ভোক্তা অধিকার অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা
অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে কুমিল্লায় অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার ৩ জানুয়ারি ২০২৬ তারিখে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকায় এ তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় বিইআরসি কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে।
পদুয়ার বাজার এলাকায় অবস্থিত মেসার্স সরকার এন্টারপ্রাইজ নির্ধারিত ১২৫৩ টাকার পরিবর্তে ১৪৫০ টাকায় সিলিন্ডার বিক্রি করায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে চাষাপাড়া এলাকার মেসার্স উজ্জ্বল ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ নিয়ে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৮০ হাজার টাকা।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যের বাইরে গ্যাস সিলিন্ডার ক্রয় ও বিক্রয় না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। পাশাপাশি সাধারণ ভোক্তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অন্যান্য দোকানিদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
বেলা সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো কাউছার মিয়া। অভিযানে জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে। ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।













