তিতাসে মাহফুজ সরকারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
পবিত্র মাহে রমজান উপলক্ষে তিতাস উপজেলাতে বিএনপি নেতা মোহাম্মদ মাহফুজ সরকারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৫ ফেব্রুয়ারি বিকালে উপজেলার কলাকান্দি ইউনিয়নের কালাচান্দকান্দি সরকার বাড়িতে ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ সেলিম ভূঁইয়া। তিনি কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক এসোসিয়েশনের সভাপতি। বক্তব্যে তিনি রমজানের তাৎপর্য তুলে ধরে দলীয় ঐক্য ও জনকল্যাণে কাজ করার আহ্বান জানান।
৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গণি ভূইয়া, তিতাস উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সালাউদ্দিন সরকার এবং কলাকান্দি ইউনিয়ন বিএনপির মোয়াজ্জেম হোসেন সরকার।
তিতাস উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাহফুজ সরকারের সৌজন্যে ও কলাকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসানের পরিচালনায় আয়োজিত এ ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক গাজী মোহাম্মদ হানিফ, স্থানীয় সম্পাদক মোহাম্মদ ছাবিকুল ইসলাম, উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক মোহাম্মদ মানিক মিয়া, কলাকান্দি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আরিফ সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন, তিতাস উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম মানিক, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আলিফ সরকার, উপজেলা যুবদল, শ্রমিক দল, জাসাস ও ছাত্রদলের নেতাকর্মীরা।
ইফতার মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।














