বুড়িচংয়ে দ্বিমুখী রাজনীতি বিএনপি নেতার আ.লীগ প্রীতি নিয়ে সমালোচনা
Oplus_131072
কুমিল্লার বুড়িচং উপজেলায় রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনার জন্ম দিয়েছেন বিএনপির আপ্যায়ন বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ। একসময় হোটেল বেয়ারা হিসেবে কাজ করা সোহেল আহমেদ বিএনপি নেতা এটিএম মিজানুর রহমানের ঘনিষ্ঠ হয়ে উপজেলা বিএনপির পদে আসীন হন এবং অল্প সময়ে কোটি টাকার মালিক বনে যান।
সদ্য কারামুক্ত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দারের বাসায় বুধবার রাতে মিষ্টি ও ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে যান তিনি। তাদের একসাথে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে শুরু হয় সমালোচনার ঝড়।
স্থানীয় এলাকাবাসী প্রশ্ন তুলেছেন, এত ত্যাগী নেতাকর্মী থাকতে একজন ব্যক্তিগত কর্মচারী কেন রাজনৈতিক পরিচয় বহন করবেন। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, দ্রুত এই ধরনের দ্বিমুখী ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করে শাস্তির আওতায় আনা উচিত।
বুড়িচং উপজেলা ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদ সুমন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, “আখলাক ভাইয়ের মুক্তি আনন্দের, তবে বিএনপি নেতা সোহেল ভাইও আখলাক ভাইয়ের কলিজার লোক।”
এদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না এবং সভাপতি এটিএম মিজানুর রহমানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
সোহেল আহমেদ সাংবাদিকদের বলেন, “বাসায় যাওয়া কি অন্যায় নাকি। আমার কাছে আওয়ামী লীগ বিএনপি সব সমান। এবার আওয়ামী লীগ ছাড়া বিএনপি পাস করতে পারত না।” তার এই মন্তব্য আরও বিতর্ক সৃষ্টি করেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের কর্মকাণ্ডে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় এবং জনমনে ক্ষোভ জন্ম নেয়।














