নবীনগরে মানসিক প্রতিবন্ধী নারীর কন্যা সন্তানের জন্ম মানবিক সহযোগিতায়
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রুসুল্লাবাদ ইউনিয়নের রুসুল্লাবাদ বাজারে বসবাসরত মানসিক প্রতিবন্ধী নারী মুক্তার কন্যা সন্তান জন্ম নিয়েছে। দীর্ঘদিন ধরে বাজারে ঘুরে বেড়ানো মুক্তা অজ্ঞাত কারো যৌন নির্যাতনের শিকার হয়ে গর্ভবতী হন বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সমাজসেবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকের তত্ত্বাবধানে মুক্তা নিরাপদে কন্যা সন্তানের জন্ম দেন।
স্বেচ্ছাসেবী সংগঠন নবীনগরনামা-এর উদ্যোক্তা আশরাফুল হক জানান, মুক্তার গর্ভধারণের খবর পেয়ে আমরা স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি এবং তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি।
নিরাপদ নবীনগর চাই সংগঠনের সাধারণ সম্পাদক হাজী মো. কাউছার আহমেদ বলেন, “আমাদের সমাজে একজন মানসিক প্রতিবন্ধী নারীও নিরাপদ নয়—এটি তার নির্মম উদাহরণ। সদ্যজাত শিশুটি যেন স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে, সে জন্য প্রশাসন ও সমাজসেবীদের সুদৃষ্টি কামনা করছি।”
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, “মানসিক প্রতিবন্ধী নারী ও নবজাতকের বিষয়ে আমরা খোঁজ নিয়েছি। উপজেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”



















