ভুয়া ডিবি পরিচয়ে কুমিল্লায় অপহরণ নির্যাতন ভিডিও ভাইরাল আতঙ্ক
কুমিল্লায় ভুয়া ডিবি পুলিশের পরিচয়ে সংঘটিত ভয়াবহ অপহরণ ও নির্যাতনের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত ২ সেপ্টেম্বর ২০২৫ রাত ৯টা ৩০ মিনিটে কোতোয়ালী থানাধীন আলেখারচর গোমতী ব্রিজের পূর্ব পার্শ্বে ঘটে এ ঘটনা।
অভিযোগে বলা হয়েছে, ইয়াছিনসহ একদল দুর্বৃত্ত বাদী মোঃ মাহমুদুল হাসানের পথরোধ করে তাকে এলোপাথাড়ি মারধর করে। ধারালো অস্ত্রের আঘাতে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়, এমনকি চাপাতির কোপে হাড় ভেঙে যায়। এরপর তারা বাদীর কাছ থেকে VIVO V20 মোবাইল (মূল্য প্রায় ৪০,০০০ টাকা) ও নগদ ৮,০০০ টাকা ছিনিয়ে নেয়।
অভিযুক্তরা এখানেই থেমে থাকেনি। বাদীকে বিবস্ত্র করে মাদকদ্রব্য সামনে রেখে ভিডিও ধারণ করে এবং জোরপূর্বক অপরাধী হিসেবে স্বীকারোক্তি দিতে বাধ্য করে। পরে তাকে ভুলতা গাউছিয়া ফ্লাইওভারের নিচে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে যায়। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এই ভয়াবহ ঘটনায় দণ্ডবিধির একাধিক ধারা (170/341/365/323/325/307/379/34) এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর অধীনে মামলা দায়ের হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ দল গত ৬ এপ্রিল ২০২৬ তারিখে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকা থেকে প্রধান আসামি ইয়াছিনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে, জনসাধারণ দ্রুত বিচার দাবি করছে।












