নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার বাবা ছেলেসহ তিন বাংলাদেশি নিহত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের মো. হীরামন (৬০), তাঁর ছেলে নাজমুল রোবেল (৩০) এবং রোবেলের বন্ধু ফাহিম আলিম (২৭) নিহত হয়েছেন। এ ঘটনায় হীরামনের বড় মেয়ে রত্না (৩৩) ও নাতনী ইকরা (১) গুরুতর আহত হয়েছেন।
নিউইয়র্ক প্রবাসী মোহাম্মদ নাসির উদ্দিন বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় সময় সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিউইয়র্কের আলবানি এলাকার রুট ৯-এইচ সড়কের ভ্যান ওয়াইক লেনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিউইয়র্কের বাংলাদেশ কমিউনিটি সূত্রে জানা গেছে, নাজমুল রোবেল নিজে গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়িটি বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
নিহতদের জানাজা বুধবার নিউইয়র্ক সময় জোহরের নামাজের পর ব্রনক্সের বাইতুল আমান ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়। পরে নিউ জার্সির মার্লবুরো মুসলিম সিমেটেরিতে তাদের দাফন করা হয়।
রোবেলের আত্মীয় ফারহানা পাপড়ি জানান, রোবেল ২০১৮ সালে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে যান। তিনি নিউইয়র্কের আলবানিতে ‘হলি বার্গার’ নামে একটি রেস্টুরেন্ট প্রতিষ্ঠা করেন এবং সম্প্রতি ‘১১ বিল হির্চ রোডে’ একটি বাড়ি কেনেন। সোমবার সেই নতুন বাড়িটি দেখতে যাচ্ছিলেন বাবা-মা, ভাই-বোন, ভাগ্নি ও বন্ধু ফাহিমকে নিয়ে। পথে দুর্ঘটনায় প্রাণ হারান তারা।
নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে এই ঘটনায় গভীর শোক নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতদের স্মরণে প্রবাসীরা শোকবার্তা প্রকাশ করছেন।




















