শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ

বিশেষ প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৭:১৬ পিএম
রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস-এ দীর্ঘদিন ধরে ঘুষ বাণিজ্য, অনিয়ম ও জালিয়াতির অভিযোগকে কেন্দ্র করে নতুন করে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। অফিস সহকারী ফয়সালকে কেন্দ্র করে একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে কোটি টাকার অবৈধ লেনদেন হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে অতীতে একাধিকবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। ভুক্তভোগী, দলিল লেখক ও স্থানীয় সূত্রের দাবি, “অফিস খরচ” নামে প্রতিটি দলিলে নির্ধারিত হারে টাকা আদায় করা হয়। অভিযোগ অনুযায়ী, সাধারণ দলিলের ক্ষেত্রে ৫ থেকে ৬ হাজার টাকা থেকে শুরু করে কাজের ধরন অনুযায়ী লাখ টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হয়। প্রতিদিন দুপুরের পর থেকে অফিস শেষ হওয়া পর্যন্ত দলিলভিত্তিক হিসাব করে এসব অর্থ সংগ্রহ করা হয় বলে অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক দলিল লেখক বলেন, “টাকা ছাড়া কোনো ফাইল এগোয় না। নির্দিষ্ট রেট না দিলে নানা অজুহাতে ফাইল আটকে রাখা হয়।”

অভিযোগ রয়েছে, অফিসটিতে অলিখিতভাবে একটি “রেট কার্ড” চালু রয়েছে। দলিলের ধরন, জমির পরিমাণ ও কাজের জটিলতা অনুযায়ী ঘুষের পরিমাণ নির্ধারণ করা হয়। ভুক্তভোগীদের দাবি, ঘুষ ছাড়া দলিল রেজিস্ট্রির কাজ কার্যত বন্ধ হয়ে যায়। একই সঙ্গে ঘুষের বিনিময়ে জাল দলিল তৈরি, ভূমির শ্রেণি পরিবর্তনসহ বিভিন্ন অনিয়ম সংঘটিত হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন কর্মকর্তার নাম, সিল ও স্বাক্ষর জাল করে দলিল সংক্রান্ত কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে। এ কাজে কিছু অসাধু দলিল লেখক ও দালালচক্র জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, এসব অনিয়মের কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে এবং জমি সংক্রান্ত বিরোধও বাড়ছে।

অনুসন্ধানে জানা গেছে, দীর্ঘদিন একই এলাকায় দায়িত্ব পালন করায় ফয়সাল একটি শক্তিশালী প্রভাববলয় গড়ে তুলেছেন। একাধিক সাব-রেজিস্ট্রার বদলি হলেও তিনি বহাল রয়েছেন। অভিযোগ রয়েছে, অতীতে তার বদলির আদেশ এলেও প্রভাব খাটিয়ে তা স্থগিত করা হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, পূর্ববর্তী সরকারের সময় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে তিনি বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছেন। তবে এসব অভিযোগের স্বাধীন যাচাই সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, একজন অফিস সহকারীর সরকারি বেতনে ব্যক্তিগত গাড়ি ব্যবহার ও একাধিক সম্পদের মালিক হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, গত কয়েক বছরে তিনি নিজের ও পরিবারের সদস্যদের নামে একাধিক জমি ও বাড়ির মালিক হয়েছেন। তার জীবনযাত্রার মান নিয়েও এলাকাবাসীর মধ্যে আলোচনা রয়েছে। তবে এসব তথ্যের স্বতন্ত্র যাচাই প্রয়োজন।

আরও অভিযোগ উঠেছে, এ সংক্রান্ত সংবাদ প্রকাশ বা অনুসন্ধান শুরু হলেই কিছু সাংবাদিককে ফোন করে চাপ ও ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করা হয়। একাধিক সূত্র দাবি করেছে, অভিযোগভিত্তিক সংবাদ নিয়ন্ত্রণে রাখতে প্রভাব খাটানোর চেষ্টা করা হয়। যদিও এসব অভিযোগের স্বাধীন সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। এসব অভিযোগকে কেন্দ্র করে রূপগঞ্জে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। স্থানীয় সামাজিক সংগঠন, দলিল লেখক ও সচেতন নাগরিকদের উদ্যোগে মানববন্ধনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। আয়োজকদের দাবি, দুর্নীতির বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নিতে বাধ্য করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়সালের বিরুদ্ধে বিস্তারিত অভিযোগপত্র প্রস্তুত করা হচ্ছে। অভিযোগটি দুর্নীতি দমন কমিশন (দুদক), স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার এবং বাংলাদেশ পুলিশ-এর মহাপরিদর্শকের কাছে জমা দেওয়ার প্রস্তুতি চলছে। অভিযোগপত্রে ঘুষ বাণিজ্য, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের বিষয়গুলো উল্লেখ করা হবে বলে জানা গেছে। এ বিষয়ে সহকারী ফয়সালের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। সচেতন মহল বলছে, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত জরুরি। প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে কার্যকর নজরদারি নিশ্চিত করা প্রয়োজন।

নাসিরনগরে টানা ১২তম বারের মতো ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক’ পলাশ মজুমদার

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৮:৫০ পিএম
নাসিরনগরে টানা ১২তম বারের মতো ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক’ পলাশ মজুমদার

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এক অনন্য রেকর্ড গড়েছেন পলাশ মজুমদার। টানা ১২তম বারের মতো তিনি উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক’ নির্বাচিত হয়েছেন।

পলাশ মজুমদার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের একনিষ্ঠতা, আধুনিক ও সৃজনশীল পাঠদান পদ্ধতি এবং শিক্ষার্থীদের প্রতি তাঁর অকৃত্রিম মমত্ববোধের স্বীকৃতিস্বরূপ উপজেলা পর্যায়ে এই শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেন তিনি।

এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। স্থানীয় সংসদ সদস্য জনাব এম এ হান্নান ও নাসিরনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব শাহিনা নাছরিন তাঁর হাতে পুরস্কার ও প্রশংসাপত্র তুলে দেন।

পলাশ মজুমদারের এই অভাবনীয় সাফল্যে নাসিরনগর জুড়ে আনন্দের জোয়ার বইছে। বিদ্যালয়ের সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় শিক্ষানুরাগীদের মতে:”একজন শিক্ষকের টানা এক যুগ ধরে শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা বজায় রাখা শুধু কঠিনই নয়, বরং এটি শিক্ষা অঙ্গনের জন্য এক বিশাল মাইলফলক।”

এই অর্জনের মাধ্যমে তিনি নাসিরনগরের শিক্ষা ব্যবস্থাকে জেলা ও জাতীয় পর্যায়ে আরও গর্বিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট সকলে।

কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৮:৪৬ পিএম
কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে

কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন এলাকায় এক গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সালাউদ্দিন মোড়ের ঠাকুর পাড়া (মাস্টার পাড়া) এলাকার বাসিন্দা রত্না চক্রবর্তী (৫০) অভিযোগ করেন, একই এলাকার রানা চক্রবর্তী (৩৫) দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্মে জড়িত এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছে।
ঘটনার বিবরণে তিনি জানান, গত ১৫ মে ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ৩টার দিকে তার মেঝো ছেলে বাসা থেকে বের হওয়ার সময় তিনি প্রধান গেইট বন্ধ করছিলেন। এ সময় অভিযুক্ত রানা চক্রবর্তী তার পথরোধ করে এবং কোনো কারণ ছাড়াই অতর্কিত হামলা চালায়। অভিযুক্ত তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে, ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় তার গলায় থাকা প্রায় ৭ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা, জোরপূর্বক ছিনিয়ে নেয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যাওয়ার আগে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশ এবং পুত্রবধূদের ধর্ষণের হুমকি দেয় বলেও অভিযোগে বলা হয়েছে।
স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে অভিযুক্তকে না পেয়ে ভুক্তভোগীকে থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দেয় পুলিশ।

পরবর্তীতে আহত অবস্থায় রত্না চক্রবর্তীকে কুমিল্লা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। অভিযোগের সঙ্গে চিকিৎসার কাগজপত্র সংযুক্ত করা হয়েছে।
ভুক্তভোগী ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন এবং অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার পক্ষ থেকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

চান্দিনায় বিশেষ অভিযানে মাদক মামলার আসামিসহ গ্রেফতার ৪

এটিএম মাজহারুল ইসলাম: প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৭:০১ পিএম
চান্দিনায় বিশেষ অভিযানে মাদক মামলার আসামিসহ গ্রেফতার ৪

কুমিল্লার চান্দিনা থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামি, চোর এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান পরিচালনা করে চৌদ্দগ্রাম উপজেলার বৈদ্দেরখিল (মুন্সী বাড়ি), ওয়ার্ড নং-০৩, চৌদ্দগ্রাম পৌরসভার বাসিন্দা ইয়াকুব হোসেন ছোট্টু (৩৫) কে গ্রেফতার করা হয়। তিনি মৃত শাহাবউদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

এছাড়া চুরি মামলায় দেবিদ্বার উপজেলার সানানগর এলাকার বাসিন্দা মোঃ শফি উদ্দিন (২৫) কে গ্রেফতার করা হয়েছে। তিনি মৃত আব্দুল মতিন ড্রাইভারের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অন্যদিকে সিআর ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে চান্দিনা উপজেলার নাওতলা এলাকার মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া এবং মাধাইয়া বাজার এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে মোঃ ফারুক (৫২) কে গ্রেফতার করেছে পুলিশ।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানায়, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

×
Skip to toolbar