চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেফতার: আদালতে প্রেরণ

কুমিল্লার চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক, ওয়ারেন্টভুক্ত ও চুরি মামলার মোট ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৫ মে) নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয়। অভিযানে একজন আসামিকে একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— মো: নজরুল ইসলাম (৪০), জাবেদ হোসেন (২৬) ও মো: সাইফুল ইসলাম (৩৬)।
জানা গেছে, মো: নজরুল ইসলামকে জিআর ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেফতার করা হয়। তিনি চান্দিনা উপজেলার বেলাশ্বর মোল্লা বাড়ির রমিজ মোল্লা ও মৃত কমলা বিবির ছেলে।
অপরদিকে, জাবেদ হোসেনকে চুরি মামলায় গ্রেফতার করা হয়। তিনি চান্দিনা উপজেলার ১২নং বরকরই ইউনিয়নের ফতেহপুর (বড় বাড়ি) এলাকার আব্দুল মান্নান ও কুলসুমা বেগমের ছেলে।
এছাড়া, মো: সাইফুল ইসলামকে মাদক সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার করা হয়। তিনি দেবিদ্বার উপজেলার সাবের পুকুর পাড়, তুলাগাঁও এলাকার মৃত রফিজ উদ্দিন ও জাহানারা বেগমের ছেলে। তার বিরুদ্ধে মহিচাইল এলাকায় পৃথক ঠিকানায় সংশ্লিষ্টতার তথ্যও পাওয়া গেছে।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।












