কুমিল্লার বরুড়ায় সাংবাদিক সবুজ হোসেনের ওপর হামলা সাংবাদিক সমাজের তীব্র ক্ষোভ
Oplus_131072
কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা বাজারে কবি ও সাংবাদিক সবুজ হোসেনের ওপর ধারাবাহিক হামলা ও অপহরণের চেষ্টার ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। এ ঘটনায় বরুড়ায় কর্মরত সকল সাংবাদিক ঐক্যবদ্ধ হয়ে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার আড্ডা গরুর বাজারে সংবাদ সংগ্রহ করতে গেলে পশ্চিম আড্ডা গ্রামের ফারুক হোসেন নামের এক ব্যক্তি তাকে জোরপূর্বক পুলিশের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তাকে বাজার থেকে প্রায় দুই শত গজ দূরে মমিন মার্কেট পর্যন্ত নিয়ে যাওয়া হয়। অভিযোগ রয়েছে, তাকে অপহরণ করে অন্যত্র নিয়ে যাওয়ারও চেষ্টা করা হয়। তবে স্থানীয়দের বাধায় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হয়।
পরদিন মঙ্গলবার আবারও আড্ডা বাজারে সবুজ হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তাকে মারধর করা হলে তিনি স্থানীয়দের সহায়তা চান। বাজারের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।
ভুক্তভোগী সাংবাদিক সবুজ হোসেন বলেন,
“সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমি বারবার হামলার শিকার হচ্ছি। স্থানীয় মানুষের সহযোগিতায় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি।”
ঘটনার পর সাংবাদিক সমাজ একত্রিত হয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের ঘটনা কোনোভাবেই সহ্য করা হবে না। বরুড়ায় কর্মরত সাংবাদিকরা একযোগে অপরাধীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী সংবাদকর্মী জানান, সিনিয়র সাংবাদিকবৃন্দ বিষয়টি নিয়ে আলোচনা শেষে মামলা দায়ের করবেন। স্থানীয় সাংবাদিক, সচেতন মহল ও সুশীল সমাজও দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।


















