চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান: ওয়ারেন্টভুক্ত আসামি ও মাদকসেবীসহ গ্রেফতার ৩

কুমিল্লার চান্দিনা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩ জনকে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ। শুক্রবার (৫ জুন ২০২৬) পরিচালিত এ অভিযানে দুইজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং একজন মাদকসেবীকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে দীর্ঘদিন ধরে পলাতক ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমও জোরদার করা হয়। অভিযানের অংশ হিসেবে সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে একজন মাদকসেবীকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়।
প্রথম অভিযানে চান্দিনা পৌরসভার বেলাশ্বর মুন্সী বাড়ী এলাকার বাসিন্দা মোঃ জামাল উদ্দিন (৫৪)-কে সিআর ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অপর এক অভিযানে গল্লাই হাজী বাড়ী এলাকার মোঃ নাঈম (১৮)-কে জিআর ওয়ারেন্টমূলে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকেও আদালতের নির্দেশনার জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চান্দিনা পৌরসভার ৭নং ওয়ার্ডের ছায়কোট (জলিল কমিশনারের বাড়ী) এলাকার বাসিন্দা মোঃ শরীফ হোসেন (৩৬)-কে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আদালতের রায় কার্যকরের জন্য তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি আদালতের ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।













