চান্দিনায় বিশেষ অভিযানে ডাকাত দলের ৫ সদস্যসহ গ্রেফতার ৭

কুমিল্লার চান্দিনা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সদস্যসহ মোট সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ডাকাতির প্রস্তুতির অভিযোগে পাঁচজন, চুরি মামলার এক আসামি এবং পর্নোগ্রাফি আইনের এক মামলার আসামি রয়েছেন।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— বাঙ্গরা বাজার থানার টংকী দক্ষিণ পাড়ার ফরচাঁন মিয়ার ছেলে মো. ফারুক মিয়া (৩৯), বাহাদুর (২৬), পীর কাশিমপুর মুন্সি বাড়ির জয়নাল মিয়ার ছেলে মনির হোসেন (২৬), ঠোল্লা বাদ্যঘরপাড়া কসাই বাড়ির ফিরোজ মিয়ার ছেলে রবিউল ইসলাম (৪০) এবং চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ সাহেবগঞ্জ এলাকার গিয়াস উদ্দিন বেপারীর ছেলে মোহন বেপারী (৩৮)।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত ফারুক মিয়ার বিরুদ্ধে পূর্বে চারটি ডাকাতি ও একটি চুরি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া মনির হোসেন ও রবিউল ইসলামের বিরুদ্ধে একটি করে ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলা রয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে পৃথক অভিযানে চান্দিনা উপজেলার ৩ নম্বর মাধাইয়া ইউনিয়নের বড়কলাগাঁও এলাকার মকবুল হোসেনের ছেলে ইয়াছিন আরাফাত ওরফে আরাফাত (২৪)-কে একটি চুরি মামলায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।
অন্যদিকে, পর্নোগ্রাফি আইনের একটি মামলায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া এলাকার মৃত আব্দুল মাবুদের ছেলে মো. লোকমান হাকিম (৩৯)-কে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ।
পুলিশ জানায়, এক নারীর অভিযোগের ভিত্তিতে দায়ের করা মামলার তদন্তে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে ভুক্তভোগীর অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করছিল। পরবর্তীতে আরও অর্থ দাবি করলে ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পর্নোগ্রাফি আইনে মামলা রুজু করে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার একটি দুর্গম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, “অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।”












