পুলিশের চেষ্টায় অবশেষে রক্ষা পেল সেই পরিবার
প্রবাসী এক প্রতারকের তৎপরতায় বিয়ে ভেস্তে যেতে বসেছিল এক তরুণীর। অবশেষে গোয়েন্দা পুলিশের (ডিবি) চেষ্টায় বিয়ের পিঁড়িতে বসা নিশ্চিত হলো তার। বোনের বিয়ের জন্য বিদেশ থেকে এক প্রবাসীর মাধ্যমে দেশে পাঠানো হয় স্বর্ণালংকার, দামী মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী। কিন্তু সেই প্রবাসী প্রতারণা করে সেসব জিনিস ওই তরুণীর পরিবারকে না দিয়ে নিজেই আত্মসাৎ করে। অবশেষে ডিবির লালবাগ বিভাগের প্রচেষ্টায় সবকিছু উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয় ভুক্তভোগী পরিবারকে। এতে বিয়ে ভাঙা থেকে রক্ষা পেল তরুণী। কঠিন দুশ্চিন্তা থেকে মুক্তি পেল পরিবারটি।
রোববার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে ওই তরুণীর পরিবারের কাছে খোয়া যাওয়া সবকিছু বুঝিয়ে দেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, মাদারীপুরের মেয়েটি পড়াশুনা করতো বেসরকারি এশিয়ান ইউনিভার্সিটিতে। এর মধ্যে ভালো পাত্র পেয়ে বিয়ের ব্যবস্থা করে পরিবার। দুবাই প্রবাসী বড় ভাই বোনের বিয়ের জন্য নানা স্বর্ণালংকার, হবু জামাইয়ের জন্য আইফোন, বোনের জন্য স্যামসাং মোবাইল ফোনসহ বিভিন্ন সামগ্রী কেনেন। পরিচিত এক দুবাই প্রবাসীকে বিমানের টিকেট কেটে এবং কাস্টমসের জন্য আরও ১ হাজার ৪৫০ দিরহাম দিয়ে দেন। যেন স্বর্ণালংকারসহ এসব সামগ্রী পৌঁছে দেন তার পরিবারের সদস্যদের কাছে। পরিচিত দুবাই প্রবাসীর কাছে সবকিছু বুঝিয়ে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন ভাই।
ডিবি জানায়, নির্দিষ্ট দিনে বিমানবন্দরে মালামাল গ্রহণের জন্য অপেক্ষা করতে থাকেন কনের বাবা। কিন্তু প্রতারক প্রবাসী ফাঁকি দিয়ে চলে যায় বগুড়ার সারিয়াকান্দিতে। বিয়ের জন্য পাঠানো সব স্বর্ণালংকার বিক্রি করে দিয়ে নিজের জন্য তৈরি করেন একতলা দালান। কিনে নেন দামি মোটরবাইক। এদিকে বিয়ের জন্য পাঠানো অলংকারসহ সবকিছু খোয়া যাওয়ায় বিয়ে ভাঙতে বসে মেয়েটির। একইসঙ্গে স্বপ্ন ভাঙতে বসে পরিবারটির। এ ঘটনায় চলতি বছরের ১২ জানুয়ারি রাজধানীর বিমানবন্দর থানায় আত্মসাতের অভিযোগে মামলা করেন কনের বাবা।
ডিবি জানায়, বিমান বন্দর থানায় মামলার পর থানা পুলিশের পাশাপাশি ডিবি লালবাগ ঘটনার ছায়া তদন্ত শুরু করে। ভুক্তভোগী পরিবারটির ভেঙ্গে যাওয়া স্বপ্ন জোড়া লাগাতে কাজ শুরু করে ডিবি পুলিশ। অবশেষে দীর্ঘ চেষ্টায় ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের একটি টিম উদ্ধার করে স্বর্ণালংকার বিক্রির নগদ টাকা, দুটি মোবাইল ফোন এবং ৫ ভরি স্বর্ণালংকার। এরপর আদালতের অনুমতি সাপেক্ষে চুরি যাওয়া এসব মালামাল রোববার বুঝিয়ে দেওয়া হয় কনের বাবা-মাকে। চুরি যাওয়া মালামাল ফিরে পেয়ে এক বুক হাসি হেসে ধন্যবাদ জানান গোয়েন্দা পুলিশের সদস্যদের।
পুলিশ জানায়, রোববার উদ্ধারকৃত টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ডিএমপি সদর দপ্তর থেকে বুঝিয়ে দেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ডিবি দক্ষিণ) সঞ্জিত কুমার রায়, ডিবি লালবাগ বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান।




















