সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

গৌরীপুরে যুবলীগ নেতা জামাল হত্যাকাণ্ড : বিদেশে পালানোর সময় উপজেলা চেয়ারম্যানের ভাই গ্রেফতার

মোঃ বিল্লাল হোসেন: প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ২:২০ পিএম
গৌরীপুরে যুবলীগ নেতা জামাল হত্যাকাণ্ড : বিদেশে পালানোর সময় উপজেলা চেয়ারম্যানের ভাই গ্রেফতার
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

বিদেশে পালানোর সময় দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের ভাই মাসুদ রানা (৩২) গ্রেফতার

বিদেশে পালিয়ে যাওয়ার সময় কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে যুবলীগ নেতা জামাল হোসেনকে গুলি করে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার করা হয়েছে মো.মাসুদ রানা (৩২) নামের এক যুবককে। সে কুমিল্লার দেবীদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছোট ভাই।

বুধবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় কুমিল্লা ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে কুমিল্লায় নিয়ে আসে। মাসুদ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদের ছোট ভাই। পেশায় ব্যবসায়ী মাসুদ রানা দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের নবীয়াবাদ গ্রামের ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের পুত্র।

বৃহস্পতিবার বেলা ১১টায় মাসুদ রানাকে জামাল হোসেন হত্যা মামলায় গ্রেফতার দেখানোর বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা (ডিবি) বিভাগের ওসি রাজেস বড়ুয়া।

ওসি রাজেস বড়ুয়া বলেন, জামাল হত্যা মামলায় এরই মধ্যে গ্রেফতার হওয়া আসামিদের জিজ্ঞাসাবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় এ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার মাসুদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। সে বিদেশে পালিয়ে যাচ্ছিল এমন তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশের সহায়তা চাওয়া হয় এবং তাকে বিমান বন্দর থেকে আটক করে কুমিল্লায় নিয়ে আসা হয়। আগে গ্রেফতার হওয়া আসামিদের নিকট থেকে প্রাপ্ত তথ্য আমরা যাচাই-বাছাই করতে আজ গ্রেফতার মাসুদকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমাণ্ড আবেদন করবো।

ওসি রাজেস বড়ুয়া আরও বলেন, এ নিয়ে জামাল হত্যা মামলায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, র‌্যাবের অভিযানে গ্রেফতার মামলার এজাহার নামীয় আসামি তিতাস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম ওরফে সোহেল শিকদার, মো. ইসমাইল, শাহ আলম ওরফে পা কাটা আলম, এজাহার বহির্ভূত দেলোয়ার হোসেন ওরফে দেলু (বোরকা পরা শুটার)ও সাহিদুল ইসলাম ওরফে সাদ্দাম মাস্টার। এছাড়া পুলিশের হাতে গ্রেফতার হয়েছে- এজাহার বহির্ভূত মো. সুমন হোসেন, মো. রবি, মো. শাহপরান ও মাজহারুল ইসলাম সৈকত এবং সর্বশেষ বুধবার রাতে মাসুদ রানা (৩২) কে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে জানতে দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

গত ৩০ এপ্রিল রাত সোয়া আটটার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের বাসিন্দা ও যুবলীগ নেতা জামাল হোসেনকে গুলি করে হত্যা করে বোরকা পরা তিন দুর্বৃত্ত। এ ঘটনায় ২ মে রাত সাড়ে ১১টায় দাউদকান্দি থানায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত থেকে আটজনের নামে নিহতের স্ত্রী পপি আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। গত ৮ মে থেকে মামলাটি তদন্ত করছেন জেলা গোয়েন্দা (ডিবি) বিভাগ।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণ

রুহুল আমিন চৌধুরী সুমন : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৩:২২ এএম
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কবি কাজী নজরুল ইসলাম হলে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে তীব্র আলোচনার সৃষ্টি হলেও তদন্ত শেষে বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি হিসেবে চিহ্নিত হয়েছে। হল তত্ত্বাবধায়ক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া স্পষ্টভাবে জানিয়েছেন, এ ঘটনায় কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি। বিশেষ করে ছাত্রদলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে।

 

গত ১৫ এপ্রিল ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্স শিক্ষার্থী আরিফুল ইসলাম হল তত্ত্বাবধায়কের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি ১১ জন শিক্ষার্থীর নাম উল্লেখ করেন এবং আরও ১৫-১৬ জন অজ্ঞাতনামা শিক্ষার্থী তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে বলে দাবি করেন। এ অভিযোগে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

অভিযোগের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক অভিযুক্তদের ডেকে ২০ মার্চ রাতে জিজ্ঞাসাবাদ করেন। দীর্ঘ আলোচনার পর প্রমাণ ও বিবরণ পর্যালোচনা করে বিষয়টি ভুল বোঝাবুঝি হিসেবে মীমাংসা করা হয়।

 

অভিযোগকারী আরিফুল ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, “এটি আসলে ভুল বোঝাবুঝি ছিলো। তত্ত্বাবধায়ক স্যার সমাধান দিয়েছেন, আমি তাতে সন্তুষ্ট। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না।”

 

অভিযুক্তদের মধ্যে ছাত্রদলের তারেক রহমান অভিযোগকে চক্রান্ত আখ্যা দিয়ে বলেন, “এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এখানে অনেকেই পদপ্রার্থী, তাই লড়াইটা আসলে নিজ ঘরের ভেতরেই।”

 

তত্ত্বাবধায়ক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া বলেন, “শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে সংশ্লিষ্টদের ডেকে বিষয়টি মীমাংসা করা হয়েছে। ছাত্রদলের সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ অসত্য।”

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলে মাদকমুক্ত পরিবেশের দাবিতে শিক্ষার্থীদের ছয় দফা স্মারকলিপি

দীপা রানী সরকার : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ২:০১ এএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলে মাদকমুক্ত পরিবেশের দাবিতে শিক্ষার্থীদের ছয় দফা স্মারকলিপি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হলগুলোকে মাদকমুক্ত করার দাবিতে ছয় দফা দাবিসংবলিত স্মারকলিপি দিয়েছেন বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীরা। রবিবার (১৯ এপ্রিল) উপাচার্য ও প্রক্টর বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

 

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিজয়-২৪ হলে অনাকাঙ্ক্ষিত ও অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে হলে নিয়মিত গাঁজাসেবনের আসর বসানো হচ্ছে, যা আইনবিরোধী এবং একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিব্রতকর। মাদকাসক্ত কিছু শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার, মারামারি এবং র‍্যাগিংয়ের মতো ঘটনায় জড়িত হচ্ছে। এতে নবীন ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও অনিরাপত্তা তৈরি হয়েছে।

 

স্মারকলিপিতে উত্থাপিত ছয় দফা দাবিগুলো হলো—

– বিজয়-২৪ হলে মাদকবিরোধী অভিযান জোরদার ও নিয়মিত তদারকি

– মাদকাসক্ত ও সংশ্লিষ্টদের চিহ্নিত করে দ্রুত প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা

– র‍্যাগিং ও সহিংসতা বন্ধে কঠোর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন

– শিক্ষার্থীদের নিরাপত্তায় হল প্রশাসনের সক্রিয় নজরদারি বৃদ্ধি

– মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ

– শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি শনাক্তে নিয়মিত ডোপ টেস্ট চালু

 

বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থী মো. ইমরান মিঞা বলেন, “কুবির আবাসিক হলগুলো গাঁজাসেবনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে। বহিরাগতদের প্রশ্রয় দিয়ে হলের ছাদে গাঁজা খাওয়া হচ্ছে। আমরা খুবই শঙ্কিত।” তিনি আরও প্রশ্ন তোলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন কি মাদকের পক্ষে অবস্থান নিয়েছে?”

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল হাকিম জানান, শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করা হয়েছে এবং প্রভোস্টদের সঙ্গে বৈঠক হয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাগিং ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। পূর্বে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

প্রসঙ্গত, এর আগে মাদক সম্পৃক্ততার কারণে ১৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে আবাসিকতা বাতিলসহ একাডেমিক বহিষ্কার করা হয়েছিল।

চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:০৬ পিএম
চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার চান্দিনা উপজেলা এলাকায় গভীর রাতে মুখোশধারী একদল ডাকাত অস্ত্রের মুখে এক প্রবাসীর পরিবারকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ প্রায় সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামে প্রবাসী ফয়সাল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফয়সাল আহমেদ জানান, রাত সোয়া ১২টার দিকে মুখোশ পরিহিত কয়েকজন ডাকাত তার বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের আলমারি ও বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।

তিনি আরও জানান, ডাকাতরা নগদ প্রায় দেড় লাখ টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার, ১৭০ সৌদি রিয়াল, একটি আইফোন ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এতে তার প্রায় সাড়ে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

ঘটনার খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত ও তল্লাশি অভিযান শুরু করে। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একই গ্রামের বাসিন্দা আল-আমিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পরচঙ্গা গ্রামের আলী মিয়ার ছেলে বলে জানা গেছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
Skip to toolbar