বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

মাদক বেচাকেনা : রক্ষক ৩ কর্মকর্তাই ভক্ষক

অনলাইন ডেস্ক : প্রকাশিত: রবিবার, ১ অক্টোবর, ২০২৩, ৪:৩৬ পিএম
মাদক বেচাকেনা : রক্ষক ৩ কর্মকর্তাই ভক্ষক
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

চাঁদপুরের সঙ্গে সীমান্তবর্তী এলাকা ও আন্তঃজেলা যোগাযোগের জন্য সড়ক, রেল ও নৌপথের ব্যবস্থা রয়েছে। যে কারণে খুবই সহজেই মাদক কারবারিরা এই জেলার রুটগুলো ব্যবহার করে। কিন্তু জেলার মাদক নিয়ন্ত্রণে রক্ষক হিসেবে যারা দায়িত্বে রয়েছেন, তাদের মধ্যে কেউ কেউ ভক্ষকের ভূমিকা পালন করায় কারবারিদের জন্য মাদক বেচাকেনার বড় ধরনের সুযোগ সৃষ্টি হয়েছে। চাঁদপুর জেলার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩ কর্মকর্তার বিরুদ্ধে মাদক বেচাকেনার সঙ্গে দীর্ঘ দিন ধরে জড়িত বলে সংশ্লিষ্ট অধিদপ্তরে সম্প্রতি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ না করায় তারা এখনও সদর্পে ঘুরে বেড়াচ্ছেন।

অভিযুক্তরা হলেন চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা এসআই পিয়ার হোসেন, সহকারী এসআই মো. সাইফুল ইসলাম ও ভারপ্রাপ্ত পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম গত ১৩ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্ত চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালকের কাছে লিখিত অভিযোগ পাঠানো হলেও এখন পর্যন্ত তারা চাঁদপুর জেলা কার্যালয়ে বহাল তবিয়তে। এই অভিযোগের অনুলিপি একই সঙ্গে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকায় মহাপরিচালক (ডিজি) ও পরিচালকের (অপারেশন ও গোয়েন্দা) কাছে পাঠানো হয়।

সরেজমিনে অনুসন্ধান চালিয়ে ইত্তেফাকের এই প্রতিনিধি জানতে পেরেছেন, সেন্টু, পিয়ার ও সাইফুল নামে ৩ কর্মকর্তা চাঁদপুরে যোগদান করার পর থেকে গত ৫ বছরে বিভিন্ন সময় মাদক কারবারিদের সঙ্গে গোপনে সখ্যতা গড়ে তোলেন। যার কারণে মাদকের বড় ধরনের কোনো মামলা উদঘাটন করা সম্ভব হয়নি। একই সাথে তারা মাদক কারবারিদের কাছ থেকে মাসিক হিসেবে নগদ টাকা নিতেন বলেও কয়েকজন কারবারি অভিযোগ করেছেন। শুধুই তাই নয়, এই তিনজন সংঘবদ্ধভাবে মাদক বিক্রিতে কারবারিদের বাধ্য করতেন।

এই ৩ কর্মকর্তার মাদক বেচাকেনার অনুসন্ধ্যানে গিয়ে কথা হয় একাধিক মাদক বিক্রেতার সঙ্গে। তাদের কথাগুলো সংরক্ষণ করেছেন এই প্রতিনিধি। একই সঙ্গে ৩ কর্মকর্তার বিরুদ্ধে এক সপ্তাহ আগে শহরের ভুক্তভোগীরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

চাঁদপুর শহরের আদালত পাড়া এলাকার অন্যতম মাদক বিক্রেতা দেওয়ান মো. শাহাদাত হোসেন বলেন, ‘আমি এক সময় মাদকের সঙ্গে জড়িত ছিলাম। কিন্তু আমার সন্তানরা বড় হওয়ার পর এই ব্যবসা ছেড়ে দিয়েছি। কিন্তু এরপরও ভালো থাকতে পারেনি। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩ কর্মকর্তা সাইফুল, পিয়ার ও সেন্টু আমাকে মাদক বিক্রি করতে বাধ্য করেছে। সাইফুলের বাড়ি কুমিল্লা হওয়ায় তারা সেখান থেকে মাদক নিরাপত্তা দিয়ে এনে আমাকে দিয়ে বিক্রি করিয়েছে। এর জন্য তারা আমার কাছ থেকে মাসিক ৩০ হাজার টাকা নিতেন। তাদের কারণে আমি চাঁদপুর থেকে ফরিদগঞ্জে বাসা নিয়েছি। সেখানে গিয়েও তারা আমার সঙ্গে মাসিক নির্ধারিত টাকা না দেওয়ায় সমস্যা করে ও আমাকে মাদক দিয়ে চালান দেয়।’

শহরের কয়লা ঘাট এলাকার লোক কলোনীর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সোর্স রিপন ঢালী জানান, ‘সম্প্রতি সাইফুল, পিয়ার ও সেন্টু এই ৩ কর্মকর্তা মাদক বিক্রেতা রানা, রহিমসহ তার সহযোগীদের টাকা খেয়ে ছেড়ে দিয়েছে। এছাড়া, শহরের খুচরা মাদক বিক্রেতা ক্লাব রোডের জোনাকি, আল-আমিনের স্ত্রী, লেংড়ি খালা, রাজিব, লাকী, রানা, বারেক ও জসিম মিজি থেকে সাপ্তাহিক অন্তত ৩০ হাজার টাকা করে নেয়। তাছাড়া মাদক বিক্রেতা শাহাজাহান ঘর থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে না এনে ১ লাখ টাকা নিয়ে আসেন ওই অসাধু ৩ কর্মকর্তা।’

শহরের জামতলার চিহ্নিত মাদক বিক্রেতা শাহজাহানের স্ত্রী ইয়াছমিন আক্তার পুতুল বলেন, ‘আমার স্বামী মাদকের সঙ্গে জড়িত ছিল। এখন নেই। আমার স্বামী মাদক খায়, কিন্তু বিক্রি করে না। যখন বিক্রি করেছে তখন মাদক অফিসের কর্মকর্তা সাইফুল, পিয়ার ও সেন্টু মাসিক টাকা নিতেন। এখন মাসিক টাকা না দেওয়ায় বিভিন্নভাবে হয়রানি ও মামলার হুমকি দিচ্ছে।’

অধিদপ্তরের অভিযোগে উল্লেখ করা হয়, এই অভিযুক্ত তিনজন চাঁদপুর শহরের একাধিক মাদক ব্যবসায়ীর সঙ্গে জড়িত। অভিযানের আগে তারা মুঠোফোনে কারবারিদেরকে জানিয়ে দিতেন। যে কারণে অভিযান করেও সফলতা পাওয়া যায়নি। যার ফলে কাজের ধীরগতি ও তাদের কারণে অধিদপ্তরের সুনাম ক্ষুণ্ন হয়েছে বলা হয়।

অভিযুক্ত ৩ কর্মকর্তা সাইফুল, পিয়ার হোসেন ও সেন্টু রঞ্জন দেবনাথের বক্তব্য নেয়ার জন্য তাদের ব্যাক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হয়। কিন্তু ফোন ধরেননি তারা। ফোনে না পেয়ে রোববার অফিস চলাকালীন সময়ে তাদের দপ্তরে গিয়েও তাদেরকে পাওয়া যায়নি। তাদের অপারেশন কক্ষটি বন্ধ থাকায় তাদের সঙ্গে সাক্ষাৎ করা যায়নি। এই প্রতিনিধি তাদের সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নম্বর সংগ্রহ করেন।

চাঁদপর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম বলেন, ‘আমি এই জেলায় আগেও ছিলাম। চলতি বছরের জুনে আবার যোগদান করেছি। এখানকার প্রশাসন ও অন্যান্য লোকজন আমার পরিচিত হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে আমার কাছে বিভিন্নভাবে অভিযোগ আসতে থাকে। এগুলো আমার কাছে সন্দেহাতীতভাবে প্রমাণ হয়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে আমাকে লিখিত অভিযোগ দায়েরের নির্দেশনা দেওয়া হয়। গত ১৩ সেপ্টেম্বর বিভাগীয় অতিরিক্ত পরিচালকের কাছে লিখিত অভিযোগ পাঠাই। অধিদপ্তর তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার বিষয়টি দেখবেন। তবে অভিযোগ দেওয়ার পরে তারা নিজেদের রক্ষায় সংঘবদ্ধ হয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে।’

এদিকে এসব অভিযোগের বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত পরিচালক জাফর উল্যাহ কাজলকে প্রশ্ন করেন এই প্রতিনিধি। জবাবে তিনি বলেন, ‘এসব অভিযোগের বিষয়ে আমাদের প্রধান দপ্তর কাজ করছে। আমি এ বিষয়ে কিছু বলতে পারবো না।’

এ কথা বলার সঙ্গে সঙ্গেই এই প্রতিনিধির সঙ্গে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাবস্টেশনহীন দুই দশক একাডেমিক কার্যক্রমে স্থবিরতা

দীপা সরকার : প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:১২ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাবস্টেশনহীন দুই দশক একাডেমিক কার্যক্রমে স্থবিরতা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রতিষ্ঠার প্রায় দুই দশক পেরিয়ে গেলেও এখনো হয়নি নিজস্ব সাব-স্টেশন। ফলে প্রতিদিন গড়ে ছয় থেকে সাতবার বিদ্যুৎ বিভ্রাটে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ঈদুল ফিতরের ছুটির পর থেকে বিদ্যুৎ বিভ্রাট আরও বেড়েছে। জেনারেটর সুবিধা না থাকায় শিক্ষার্থীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

 

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী হলের শিক্ষার্থী সোনিয়া আক্তার বলেন, দুপুরে বিদ্যুৎ চলে গেলে ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন হয়, পুনরায় সংযুক্ত হতে সময় লাগে। এতে পড়াশোনার ক্ষতি হচ্ছে।

 

বিজয়–২৪ হলের শিক্ষার্থী মোহাম্মদ লোকমান জানান, রাতে নিয়মিত লোডশেডিং পড়াশোনার ধারাবাহিকতা নষ্ট করছে। গরমে হলে থাকা ও বিশ্রাম নেওয়াও কষ্টকর হয়ে পড়েছে। তিনি স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগের দাবি জানান।

 

কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট মো. হারুন বলেন, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ল্যাব পরীক্ষায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ অপরিহার্য। অথচ বিশ্ববিদ্যালয়ে প্রায়ই বিদ্যুৎ থাকে না।

 

প্রকৌশল দপ্তরের সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের বিদ্যুতের চাহিদা প্রায় ৬০০ কিলোওয়াট, যা পিডিবি সরবরাহ করছে। গাছপালা কাটার কারণে সাময়িক সংযোগ বন্ধ রাখা হয়েছিল, পাশাপাশি কিছুটা লোডশেডিংও হচ্ছে। কোটবাড়ী সাব-স্টেশনের সঙ্গে আলোচনা চলছে যাতে বিশ্ববিদ্যালয়ের লাইন বিআইপি লাইনের আওতায় আনা যায়।

 

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে পিডিবিকে চিঠি দেওয়া হয়েছে। দ্রুত সাড়া না পেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সমাধান খোঁজা হবে।

চান্দিনা মাইজখার ইউনিয়নে মাদকের বিরুদ্ধে মানববন্ধন

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৪:৪৩ পিএম
চান্দিনা মাইজখার ইউনিয়নে মাদকের বিরুদ্ধে মানববন্ধন

চান্দিনা প্রতিনিধি:

চান্দিনা মাইজখার ইউনিয়ন-এ অবস্থিত এ. এম. এফ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাদক, ইভটিজিং ও সামাজিক অপরাধের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

(২১ এপ্রিল) মঙ্গলবার সকালে বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনের নেতৃত্ব দেন বিশিষ্ট সমাজ সেবক ওমর ফারুক মৈশান। বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা উল্লেখ করেন, বর্তমান সংসদ সদস্য আতিকুল আলম শাওন প্রতিটি ইউনিয়নে মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে এবং প্রতিরোধ গড়ে তুলতে সকলকে আহ্বান জানিয়েছেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, এলাকায় মাদকসেবী ও ইভটিজারদের কারণে তাদের বিদ্যালয়ে আসা-যাওয়ায় নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এতে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

শিক্ষার্থীরা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তারা প্রশাসনের কাছে দাবি জানান, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে মাদক ব্যবসায়ী ও বখাটেদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হোক।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষা করতে হলে এখনই মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। একই সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত তৎপরতার মাধ্যমে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।

‎কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

মো: সাখাওয়াত হোসেন হৃদয় প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১১:৪৪ এএম
‎কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক মূল্য ৭২ লাখ ১৬ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২১ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর বিওপির টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়।

‎অভিযানকালে সীমান্তের ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নির্ভয়পুর নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য প্রায় ৭২ লাখ ১৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

‎বিজিবি আরও জানায়, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

‎সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

×
Skip to toolbar