কুমিল্লায় রহস্যজনকভাবে ৬ দিন ধরে নিখোঁজ মিশুক চালক
কুমিল্লা মহানগরীর টিক্কারচর এলাকা থেকে মোঃ পরান মিয়া (৪০), একজন মিশুক চালক, গত ১৭ মে থেকে নিখোঁজ। তার স্ত্রী মরিয়ম বেগম জানান, তার স্বামী প্রতিদিন তাকে কুমিল্লা ইপিজেডে অফিসে নামিয়ে দিয়ে আসেন এবং সন্ধ্যায় অফিস থেকে বাড়ি নিয়ে যান। ঘটনার দিন সন্ধ্যায় ভোলা মিয়া তাকে ডেকে নিয়ে যাওয়ার পর থেকে তার কোনো খোঁজ মেলেনি। পরিবারের সদস্যরা ঘটনার বর্ণনা দিতে গিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন।
অভিযোগ দায়েরের ৬ দিন অতিবাহিত হলেও, পুলিশ এখনো তার অবস্থান নিশ্চিত করতে পারেনি, যা স্থানীয়দের মাঝে ক্ষোভের সঞ্চার তৈরি করেছে। এই ঘটনা স্থানীয় অটোরিকশা চালকদের মধ্যেও আতঙ্ক সৃষ্টি করেছে, কারণ সম্প্রতি একই এলাকায় এক অটোরিকশা চালক খুন এবং একাধিক চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মরিয়ম বেগম আশঙ্কা করছেন যে, অপরাধী চক্রের সদস্যরা তার স্বামীর মিশুক আত্মসাৎ করার উদ্দেশ্যে অথবা মুক্তিপনের জন্য তাকে অপহরণ করেছে।
মোঃ পরান মিয়া দুই শিশু সন্তানের জনক। তার স্ত্রী ঘটনার পর থেকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করে চলেছেন। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মরিয়ম বেগম ভোলা মিয়া সহ অজ্ঞাতনামা বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।












