সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

কুমিল্লায় কর্মকর্তাদের কৌশলে সুরক্ষিত ছিল ৫ থানা

আবুল খায়ের : প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ৫:০৩ এএম
কুমিল্লায় কর্মকর্তাদের কৌশলে সুরক্ষিত ছিল ৫ থানা
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) কৌশলে সুরক্ষিত ছিল ৫টি থানা এবং পুলিশ। সদ্য সমাপ্ত গণঅভ্যুত্থানে জেলার অধিকাংশ থানা এবং পুলিশ সদস্যদের ওপর হামলা করা হয়েছে। কিন্তু জেলার গুরুত্বপূর্ণ কোতয়ালি মডেল থানা, মুরাদনগর, বাঙ্গরা বাজার, ব্রাহ্মণপাড়া, বুড়িচং থানা ছিল সুরক্ষিত।

এসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা এবং দলমত নির্বিশেষে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে পুলিশিং কার্যক্রম পরিচালনার কারণেই থানাগুলো হামলার টার্গেট থেকে বেঁচে যায় বলে অভিমত সংশ্লিষ্টদের।

এদিকে গুরুত্বপূর্ণ মুহূর্তে মুরাদনগর থানার ওসি প্রভাস চন্দ্রধর কৌশলে তিন থানার শতাধিক পুলিশ সদস্যকে হামলার কবল থেকে উদ্ধার করেন।

জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর কুমিল্লার বেশিরভাগ থানা এবং পুলিশ লাইন দুর্বৃত্তদের হামলার টার্গেটে পরিণত হয়। কিন্তু কয়েকটি থানার ওসিদের নিরপেক্ষ ভূমিকার কারণে তাদের সুরক্ষায় এগিয়ে আসে বিএনপি জামায়াতের নেতাকর্মী এবং সাধারণ জনগণ।

সরেজমিন ঘুরে জানা গেছে, ওই উত্তপ্ত সময়ে কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ কোতয়ালি থানায় এবং পুলিশের ওপর কোনো ধরনের আক্রমণের ঘটনা ঘটেনি। থানার ওসি ফিরোজ হোসেন ২০২৩ সালের ৯ ডিসেম্বর এই থানায় যোগদানের পর অতিউৎসাহী হয়ে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে হয়রানি করেনি। সব রাজনৈতিক মতাদর্শের নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে পুলিশিং কার্যক্রম পরিচালনা করেছেন ওই পুলিশ কর্মকর্তা।

সদ্য সমাপ্ত গণঅভ্যুত্থানেও ওসি ফিরোজের ভূমিকা প্রশংসা কুড়িয়েছে। এতে সরকার পতনের পর এ থানায় কোনো ধরনের আক্রমণের ঘটনা ঘটেনি। থানার সব পুলিশ সদস্যরাও ছিল একেবারেই সুরক্ষিত। তাছাড়া এ থানায় কিছুদিন সেবা বন্ধ থাকলেও সব পুলিশ সদস্যরা থানাতেই অবস্থান করেছেন। সরকার পতনের পর বিএনপি জামায়াত নেতাকর্মী এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা নিয়মিত কোতয়ালি মডেল থানায় যাতায়াত করছেন।

এদিকে জেলার মুরাদনগর থানার ওসি প্রভাস চন্দ্রধর দলমত নির্বিশেষে সবার সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছেন। এতে সংকট মুহূর্তে মুরাদনগর থানা হয়ে ওঠে আশপাশের কয়েকটি থানা পুলিশের আশ্রয় কেন্দ্র। পাশের দেবিদ্বার থানায় ভাঙচুর এবং আক্রমণ করা হলে ওই থানার ওসিসহ সব পুলিশ সদস্যরা মুরাদনগর থানায় এসে আশ্রয় নেয়। তাছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় দুর্বৃত্তরা আক্রমণ করলে পুলিশের এক সদস্য নিহত হন। খবর পেয়ে মুরাদনগর থানার ওসি প্রভাস চন্দ্রধর ঘটনাস্থলে গিয়ে ওই হাইওয়ে থানা পুলিশের ২৮ সদস্যকে উদ্ধার করে মুরাদনগর থানায় নিয়ে আসেন।

একই সময় ওই পুলিশ কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার ৯ পুলিশ সদস্যকে দুর্বৃত্তদের কবল থেকে উদ্ধার করে চিকিৎসা সেবা দিয়ে মুরাদনগর থানায় আশ্রয় দেন। ওসির নিরপেক্ষ ভূমিকার কারণে মুরাদনগর থানা সুরক্ষিত ছিল। ওসি প্রভাস দেবিদ্বার, চৌদ্দগ্রাম এবং ইলিয়টগঞ্জ থানার শতাধিক পুলিশ সদস্যকে দুর্বৃত্তদের কবল থেকে উদ্ধার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

চরম সংকটে তিনি সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সহায়তা নিয়ে নিজ থানাকে সুরক্ষিত রেখেছেন। ওই পুলিশ কর্মকর্তার পেশাদারিত্বের প্রশংসা করছেন সকল শ্রেণি পেশার লোকজন। অন্যদিকে বাঙ্গরা বাজার থানার ওসি মো. শফিউল আলমের ভূমিকাও ছিল নিরপেক্ষ। তিনি জনসাধারণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে পুলিশিং কার্যক্রম পরিচালনা করেছেন।

স্থানীয়রা জানায়, ব্রাহ্মণপাড়া থানার ওসি এসএম আতিকুল্লাহ যোগদানের পর থেকেই পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাই সরকার পতনের পর স্থানীয় জনসাধারণ এবং বিএনপি নেতাকর্মীরা এসে ওই থানার সুরক্ষা নিশ্চিত করেছেন। সংকটকালীন সময়ে জেলার বুড়িচং থানায়ও কোন আক্রমণের ঘটনা ঘটেনি। ওসি আবুল হাসনাত সকল পুলিশ সদস্যদেরকে নিয়ে নিজ থানাই অবস্থান করছিলেন।

এ বিষয়ে কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু বলেন, কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন পেশাদারীত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাই সংকটকালীন সময়ে আমরা কোতোয়ালি থানার ওসিসহ সকল পুলিশ সদস্যের সুরক্ষা নিশ্চিত করেছি।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলার দায়িত্বশীল নেতা আশিকুর রহমান বলেন, ওসি প্রভাস চন্দ্রধর একজন দল নিরপেক্ষ কর্মকর্তা। তিনি সংকটকালীন সময়ে ছাত্র জনতার পাশে ছিলেন। কোনো ধরনের হয়রানি করেননি। তাই এ ধরনের পুলিশ কর্মকর্তা মানুষের জন্য প্রয়োজন।

মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুঁইয়া বলেন, মুরাদনগর থানার ওসি প্রভাস চন্দ্র ধর নিরপেক্ষ ভূমিকা পালন করেছেন। তাই আমাদের নেতা সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নির্দেশে আমরা মুরাদনগর এবং বাঙ্গরা বাজার থানার সুরক্ষা নিশ্চিত করেছি।

এদিকে থানার ওসিদের নিরপেক্ষ ভূমিকার যে সুফল রয়েছে এর দৃষ্টান্ত কুমিল্লার উল্লিখিত থানাগুলো। তাই পুলিশ সদস্যদেরকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানিয়েছেন সচেতন মহলের ব্যক্তিরা।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণ

রুহুল আমিন চৌধুরী সুমন : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৩:২২ এএম
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কবি কাজী নজরুল ইসলাম হলে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে তীব্র আলোচনার সৃষ্টি হলেও তদন্ত শেষে বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি হিসেবে চিহ্নিত হয়েছে। হল তত্ত্বাবধায়ক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া স্পষ্টভাবে জানিয়েছেন, এ ঘটনায় কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি। বিশেষ করে ছাত্রদলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে।

 

গত ১৫ এপ্রিল ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্স শিক্ষার্থী আরিফুল ইসলাম হল তত্ত্বাবধায়কের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি ১১ জন শিক্ষার্থীর নাম উল্লেখ করেন এবং আরও ১৫-১৬ জন অজ্ঞাতনামা শিক্ষার্থী তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে বলে দাবি করেন। এ অভিযোগে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

অভিযোগের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক অভিযুক্তদের ডেকে ২০ মার্চ রাতে জিজ্ঞাসাবাদ করেন। দীর্ঘ আলোচনার পর প্রমাণ ও বিবরণ পর্যালোচনা করে বিষয়টি ভুল বোঝাবুঝি হিসেবে মীমাংসা করা হয়।

 

অভিযোগকারী আরিফুল ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, “এটি আসলে ভুল বোঝাবুঝি ছিলো। তত্ত্বাবধায়ক স্যার সমাধান দিয়েছেন, আমি তাতে সন্তুষ্ট। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না।”

 

অভিযুক্তদের মধ্যে ছাত্রদলের তারেক রহমান অভিযোগকে চক্রান্ত আখ্যা দিয়ে বলেন, “এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এখানে অনেকেই পদপ্রার্থী, তাই লড়াইটা আসলে নিজ ঘরের ভেতরেই।”

 

তত্ত্বাবধায়ক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া বলেন, “শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে সংশ্লিষ্টদের ডেকে বিষয়টি মীমাংসা করা হয়েছে। ছাত্রদলের সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ অসত্য।”

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলে মাদকমুক্ত পরিবেশের দাবিতে শিক্ষার্থীদের ছয় দফা স্মারকলিপি

দীপা রানী সরকার : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ২:০১ এএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলে মাদকমুক্ত পরিবেশের দাবিতে শিক্ষার্থীদের ছয় দফা স্মারকলিপি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হলগুলোকে মাদকমুক্ত করার দাবিতে ছয় দফা দাবিসংবলিত স্মারকলিপি দিয়েছেন বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীরা। রবিবার (১৯ এপ্রিল) উপাচার্য ও প্রক্টর বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

 

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিজয়-২৪ হলে অনাকাঙ্ক্ষিত ও অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে হলে নিয়মিত গাঁজাসেবনের আসর বসানো হচ্ছে, যা আইনবিরোধী এবং একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিব্রতকর। মাদকাসক্ত কিছু শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার, মারামারি এবং র‍্যাগিংয়ের মতো ঘটনায় জড়িত হচ্ছে। এতে নবীন ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও অনিরাপত্তা তৈরি হয়েছে।

 

স্মারকলিপিতে উত্থাপিত ছয় দফা দাবিগুলো হলো—

– বিজয়-২৪ হলে মাদকবিরোধী অভিযান জোরদার ও নিয়মিত তদারকি

– মাদকাসক্ত ও সংশ্লিষ্টদের চিহ্নিত করে দ্রুত প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা

– র‍্যাগিং ও সহিংসতা বন্ধে কঠোর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন

– শিক্ষার্থীদের নিরাপত্তায় হল প্রশাসনের সক্রিয় নজরদারি বৃদ্ধি

– মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ

– শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি শনাক্তে নিয়মিত ডোপ টেস্ট চালু

 

বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থী মো. ইমরান মিঞা বলেন, “কুবির আবাসিক হলগুলো গাঁজাসেবনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে। বহিরাগতদের প্রশ্রয় দিয়ে হলের ছাদে গাঁজা খাওয়া হচ্ছে। আমরা খুবই শঙ্কিত।” তিনি আরও প্রশ্ন তোলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন কি মাদকের পক্ষে অবস্থান নিয়েছে?”

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল হাকিম জানান, শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করা হয়েছে এবং প্রভোস্টদের সঙ্গে বৈঠক হয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাগিং ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। পূর্বে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

প্রসঙ্গত, এর আগে মাদক সম্পৃক্ততার কারণে ১৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে আবাসিকতা বাতিলসহ একাডেমিক বহিষ্কার করা হয়েছিল।

চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:০৬ পিএম
চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার চান্দিনা উপজেলা এলাকায় গভীর রাতে মুখোশধারী একদল ডাকাত অস্ত্রের মুখে এক প্রবাসীর পরিবারকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ প্রায় সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামে প্রবাসী ফয়সাল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফয়সাল আহমেদ জানান, রাত সোয়া ১২টার দিকে মুখোশ পরিহিত কয়েকজন ডাকাত তার বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের আলমারি ও বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।

তিনি আরও জানান, ডাকাতরা নগদ প্রায় দেড় লাখ টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার, ১৭০ সৌদি রিয়াল, একটি আইফোন ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এতে তার প্রায় সাড়ে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

ঘটনার খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত ও তল্লাশি অভিযান শুরু করে। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একই গ্রামের বাসিন্দা আল-আমিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পরচঙ্গা গ্রামের আলী মিয়ার ছেলে বলে জানা গেছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
Skip to toolbar