রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

জমি নিয়ে বিরোধে ভাতিজিকে হত্যার চেষ্টা : মামলা, আটক ২

মুরাদপুর (কুমিল্লা) প্রতিনিধি : প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:২০ এএম
জমি নিয়ে বিরোধে ভাতিজিকে হত্যার চেষ্টা : মামলা, আটক ২
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লার মুরাদনগরে সম্পত্তির জেরে আপন ভাতিজি হোসনা আক্তারকে (৩৫) টেঁটা বিদ্ধ করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে চাচা মজিবুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় হোসনা আক্তারের বোনের মেয়ে আফসানা আক্তার লিজাও টেঁটা বিদ্ধ হন। হোসনা আক্তার মুরাদনগর উপজেলা সদরের হিরারকান্দা গ্রামের অভিযুক্ত মজিবুর রহমানের ভাই লিল মিয়ার মেয়ে।

মঙ্গলবার বিকেলে উপজেলা সদর ইউনিয়নের হিরারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে চাচা তার ভাতিজিকে মাছ ধরার টেঁটা দিয়ে আক্রমণ করছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়লে অভিযুক্তদের বিরুদ্ধে বিচারের দাবিতে তুমুল সমালোচনার ঝড় উঠে। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে আটক করেছেন বলে নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, হোসনা আক্তারের বাবা লিল মিয়া গত চার বছর আগে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বে লিল মিয়া তার স্ত্রী জামেনা বেগমের নামে বাড়ির জায়গা দলিল করে দেন। লিল মিয়ার মৃত্যুর পর ভাই মুজিব মিয়া বাড়িটি দখল করার জন্য বিভিন্ন সময় জামেনা বেগমের উপর অত্যাচার নির্যাতন করে আসছেন। ঘটনার দিন জামেনা বেগম নিজের বাড়ির জায়গায় লাকরি শুকাতে দিলে এটি তার জায়গা নয় বলে মজিবুর রহমান, তার স্ত্রী রহিমা বেগম, ছেলে আনিছুর রহমান, মেয়ে ডালিয়া আক্তার জামেনা বেগমকে বাঁধা দেন এবং গালমন্দ করতে থাকে। এতে জামেনা বেগম প্রতিবাদ করলে মজিবুর রহমান ও তার স্ত্রী সন্তানরা ক্ষিপ্ত হয়ে জামেনা বেগমকে মারধর করতে থাকে। জামেনা বেগমের আর্তচিৎকার শোনে পার্শ্ববর্তী শ্বশুরবাড়ি থেকে জামেনা বেগমের মেয়ে হোসনা আক্তার ও নাতনি আফসানা আক্তার লিজা তাকে উদ্ধার করতে গেলে তাদেরকেও মারধর করতে থাকে। এক পর্যায়ে মজিবুর রহমান ঘর থেকে মাছ ধরার টেঁটা এনে আফসানা আক্তার লিজাকে আক্রমণ করে। লিজাকে বাঁচাতে গিয়ে হোসনা আক্তারের হাতে টেঁটা বিদ্ধ হয়। টেঁটা হোসনা আক্তারের হাতের একপাশ দিয়ে ঢুকে অপর পাশ দিয়ে বের হয়ে যায়। এসময় আফসানা আক্তার লিজার হাতেও টেঁটা বিদ্ধ হয়। এলাকাবাসী টেঁটা বিদ্ধ অবস্থায় হোসনা আক্তারকে এবং আহত লিজা ও জামেনা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আফসানা আক্তার লিজা ও জামেনা বেগমকে চিকিৎসা দেওয়া হলেও হোসনা আক্তারের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত আফসানা আক্তার লিজা বলেন, “আমার নানার মৃত্যুর পর বাড়িটি দখল করার জন্য এর আগেও মজিবুর রহমান কয়েকবার আমার নানীকে মারধর করে ঘর থেকে বের করে দিয়েছে। প্রতিবাদ করতে গিয়ে আমার মা খালারাও মজিবুর রহমান ও তার স্ত্রী সন্তানদের হাতে নির্যাতনের শিকার হতে হয়েছে। আজকে মজিবুর রহমান ও তার স্ত্রী ছেলেমেয়েরা আমার নানী ও আমাদেরকে মেরে ফেলতে চেয়েছিলো। আমরা এই মজিবুর রহমান ও তার স্ত্রী ছেলেমেয়েদেরকে দ্রুত গ্রেপ্তার করার জন্য দাবি জানাচ্ছি।”

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, “এ বিষয়ে থানায় মামলা হয়েছে। রাতেই দুইজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

চৌদ্দগ্রামে মহাসড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৩:১৮ এএম
চৌদ্দগ্রামে মহাসড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে

Oplus_131072

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২৯ নভেম্বর) রাত ১১টার পর মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারসংলগ্ন ট্রেনিং সেন্টার কালিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কে অবরোধ সৃষ্টি করেন। খবর পেয়ে চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও মহাসড়কে অবস্থান নেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরে পুলিশ ও বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের অবস্থান জোরদার হলে অবরোধকারীরা ঘটনাস্থল থেকে সরে যান। তবে একটি কাভার্ডভ্যান মহাসড়কের মাঝখানে রেখে যাওয়ায় ঢাকামুখী লেনে যান চলাচল বিঘ্নিত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়কের চৌদ্দগ্রাম অংশের বিভিন্ন স্থানে পুলিশ ও বিজিবি সদস্যরা অবস্থান নেন। পাশাপাশি বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

 

সূত্র : স্থানীয় ও চৌদ্দগ্রাম থানা পুলিশের বক্তব্য।

দেবীদ্বারে প্রেমের সম্পর্কে বিবাহের পর অপহরণ মামলায় যুবক কারাগারে

মো: বিল্লাল হোসেন:- প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১:৪৩ এএম
দেবীদ্বারে প্রেমের সম্পর্কে বিবাহের পর অপহরণ মামলায় যুবক কারাগারে

কুমিল্লার দেবীদ্বারে সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণপূর্বক প্রায় এক মাস আটক রেখে ধর্ষণের অভিযোগে সাকিব আহাম্মেদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক যুবক সাকিব আহাম্মেদ (২৭), দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের গাংচর গ্রামের (দক্ষিণ পাড়া- ছামার বাড়ী)’র বীর মুক্তিযোদ্ধা মনু মিয়ার ছেলে। ভিক্টিম কিশোরী মুরাদনগর উপজেলার গান্দ্রা জুলেখা মহিলা মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী।

শুক্রবার দুপুরে আটক অভিযুক্ত সাকিব আহাম্মেদকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন ও ভিক্টিমকে ডাক্তারী পরীক্ষা শেষে ম্যাজিস্ট্রেটের নিকট নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ২২ ধারায় রেকর্ড করেন।

গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) তানভীর হাসানের নেতৃত্বে একদল পুলিশ কুমিল্লা কোতয়ালী থানা পুলিশের সহায়তায় কোতয়ালী থানার নূরপুর দক্ষিণ পাড়া এলাকার তাহমিনা আক্তারের বাড়ীর নিচ তলার ভাড়া বাসা হতে সাকিব আহাম্মেদ (২৭) কে আটক করা হয় এবং সাথে ভিক্টিম (১৩ বছর ১ মাস)কে উদ্ধার করা হয়। ভিক্টিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় সাকিব আহাম্মেদ ও তার খালা সালমা আক্তার রেখা বেগম(৪৫)কে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন।

তিনি তার মামলার বিবরনীতে উল্লেখ করেন, তার নাবালিকা মেয়ে গান্দ্রা জুলেখা মহিলা মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী। গত ২৯ অক্টোবর সকাল অনুমান ১০টার সময় তার বান্ধবীর সাথে দেখা করার জন্য দেবীদ্বার উপজেলার চাটুলী গ্রামের ঈদগাহ মাঠের দক্ষিণ পার্শ্বে রাস্তার উপর পৌছলে, পূর্ব থেকে উৎ পেতে থাকা সাকিব ও অপর আসামী তার খালা সালমা আক্তার রেখা এবং অজ্ঞাত নামা আসামীদের সহায়তায় তার নাবালিকা মেয়েকে রাস্তা হতে জোরপূর্বক অহপরণ করে প্রাইভেট কার যোগে তুলে নিয়া যায়। ঘটনার পর থেকে পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ বহু জায়গায় খোঁজা- খুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে থানায় মামলা দায়ের করেন।

সংগৃহিত: অভিযুক্ত সাকিব আহম্মেদ ও ভিকটিমের বিয়ের দিনের ছবি!

এ ব্যাপারে আটক সাকিব আহাম্মেদের মা জানান, আমি যতদুর জেনেছি তাদের প্রেমের সর্ম্পকের বিয়ে হয়, বয়স কম হওয়ায় মেয়েকে অনেক বুঝিয়েও বাড়িতে পাঠাতে পারিনি। বয়স হলে পারিবারিকভাবে বিয়ে করিয়ে ঘরে তুলে আনার কথা বলি। মেয়েটি কোন ভাবেই মানাতে পারিনি। ছেলে এবং মেয়ে স্ব-ইচ্ছায় বিয়ে করে কুমিল্লায় স্বামী স্ত্রী হিসেবে প্রায় মাসখানেক ধরে ভাড়া বাসায় থাকে বলেও শুনেছি। এখন শুনি আমার ছেলের বিরুদ্ধে অপহরন মামলা হয়েছে।

তবে শুক্রবার দুপুরে কোর্ট হাজতখানায় থেকে অভিযুক্ত সাকিব আহাম্মেদ জানান,ভিকটিম আমার বিবাহিত স্ত্রী তার সাথে তার ৬ (মাস) ধরে প্রেমের সম্পর্ক ছিল। ভিকটিমকে আমি অপহরণ করিনি বরং সে স্ব-ইচ্ছায় আমার কাছে চলে এসেছে। আমরা একে অপরকে ভালোবেসে বিবাহ করি। কিছুদিন পূর্বে আমার শাশুড়ী ফোনে যোগাযোগ করে আমাদের ভাড়া বাসায় এসে সমাধানের কথা বলে বাসা চিনে চলে যায় এবং বৃহস্পতিবার রাতে সাথে করে পুলিশ নিয়ে এসে আমাকে আটক করে আমার স্ত্রীকে নিয়ে যায়।

দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুজ্জামান জানান, ভিক্টিমের মায়ের অভিযোগের ভিত্তিতে অপহরণ মামলা দায়ের করি। মেয়েটি নাবালিকা। অপহরণকারী ও ভিক্টিমকে আটক ও উদ্ধার করে আদালতে পাঠিয়েছি।

কুমিল্লায় ইপিজেড গেট ও টমছম ব্রিজে ফুটওভার ব্রিজ জরুরি

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২:৫১ পিএম
কুমিল্লায় ইপিজেড গেট ও টমছম ব্রিজে ফুটওভার ব্রিজ জরুরি

ছুটির পর ঝুঁকি নিয়ে রাস্তা পার হন শ্রমিকরা, টমছম ব্রিজ চৌরাস্তায় পথচারীদের ভোগান্তি ও যানজট

কুমিল্লা নগরীতে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) গেট এবং টমছম ব্রিজ এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি উঠেছে। প্রতিদিন অসংখ্য মানুষের চলাচল করা গুরুত্বপূর্ণ এ দুটি স্থানে নিরাপদে রাস্তা পারাপারের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় শ্রমিক, শিক্ষার্থী, নারী, শিশু, বয়স্ক ও সাধারণ পথচারীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

বিশেষ করে কুমিল্লা ইপিজেড গেট এলাকায় কারখানার ছুটির পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। একসঙ্গে বিপুলসংখ্যক শ্রমিক কর্মস্থল থেকে বের হয়ে রাস্তা পারাপার করেন। এ সময় ব্যস্ত সড়কে যানবাহনের চলাচল অব্যাহত থাকায় তাঁদের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। অনেক সময় শ্রমিকদের রাস্তা পারাপারের কারণে যানবাহনের গতি কমে যায় এবং সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ইপিজেড গেটের উপযুক্ত স্থানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার পথচারীরা। তাঁদের মতে, পরিকল্পিতভাবে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হলে শ্রমিকদের নিরাপত্তা বাড়বে এবং যানবাহনের স্বাভাবিক চলাচলও সহজ হবে।

টমছম ব্রিজ চৌরাস্তায় পারাপারে ভোগান্তি, ফুটওভার ব্রিজের দাবি

কুমিল্লা নগরীর ব্যস্ততম সংযোগস্থলগুলোর একটি টমছম ব্রিজ চৌরাস্তা। প্রতিদিন এ সড়ক দিয়ে বিভিন্ন গন্তব্যে অসংখ্য যানবাহন ও পথচারী চলাচল করেন। কোটবাড়ি, পদুয়ার বাজার বিশ্বরোড, কান্দিরপাড় ও নগরীর বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ পথ হওয়ায় এখানে যানবাহনের চাপ থাকে।

বিশেষ করে অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থল শুরু এবং ছুটির সময়ে যানবাহনের চাপ বেড়ে যায়। এ সময় রাস্তা পার হতে গিয়ে সাধারণ পথচারীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। অনেক ক্ষেত্রে চলন্ত যানবাহনের মধ্য দিয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে দেখা যায় মানুষকে। এতে দুর্ঘটনার আশঙ্কার পাশাপাশি যানবাহনের স্বাভাবিক চলাচলও ব্যাহত হয়।

এ এলাকায় শিক্ষার্থী, নারী, শিশু, বয়স্ক ব্যক্তি, রোগী ও তাঁদের স্বজনদের নিয়মিত যাতায়াত রয়েছে। বিশেষ করে চিকিৎসার প্রয়োজনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে যাতায়াতকারী মানুষের জন্য নিরাপদ পারাপারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে, কুমিল্লা সিটি করপোরেশনের ১২ জানুয়ারি ২০২৬ সালের মাসিক সভার কার্যবিবরণীতে নগরীর যানজট নিরসন ও পথচারীদের চলাচলের সুবিধার্থে কান্দিরপাড় ও টমছম ব্রিজ এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের প্রচেষ্টার কথা উল্লেখ রয়েছে। বিষয়টি নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার সঙ্গে সম্পর্কিত।

তবে পরিকল্পনার বাস্তবায়ন, সম্ভাব্য স্থান নির্বাচন এবং নির্মাণের সময়সীমা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে স্পষ্ট তথ্য পাওয়া প্রয়োজন। স্থানীয়দের প্রত্যাশা, শুধু পরিকল্পনা বা আলোচনা নয়, বাস্তবসম্মত সমীক্ষার মাধ্যমে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

শুধু অবকাঠামো নয়, প্রয়োজন পরিকল্পিত ব্যবস্থাপনা

জনস্বার্থ সংশ্লিষ্টদের মতে, ফুটওভার ব্রিজ নির্মাণের পাশাপাশি পথচারীদের সুবিধার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। ব্রিজের অবস্থান এমন হতে হবে, যাতে মানুষ সহজে ও স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারেন। বিশেষ করে বয়স্ক, প্রতিবন্ধী ও শারীরিকভাবে চলাচলে অসুবিধা রয়েছে এমন মানুষের জন্য র‍্যাম্প বা বিকল্প নিরাপদ পারাপারের ব্যবস্থা রাখা প্রয়োজন।

এ ছাড়া সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক ব্যবস্থাপনা, নির্দিষ্ট পারাপার এলাকা, পর্যাপ্ত সড়কবাতি এবং যানবাহন নিয়ন্ত্রণের কার্যকর উদ্যোগও জরুরি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

কুমিল্লা সিটি করপোরেশন, সড়ক ও জনপথ বিভাগ এবং কুমিল্লা মহানগর ট্রাফিক পুলিশের কাছে ইপিজেড গেট ও টমছম ব্রিজ এলাকার বাস্তব পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হচ্ছে।

দুটি স্থানে পথচারীর সংখ্যা, যানবাহনের চাপ, সড়কের প্রস্থ ও সম্ভাব্য নির্মাণস্থল পর্যালোচনা করে দ্রুত সম্ভাব্যতা যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে ফুটওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া জরুরি।

কারণ, একটি সড়ক শুধু যানবাহন চলাচলের জন্য নয়, মানুষের নিরাপদ যাতায়াতের জন্যও। উন্নত নগরব্যবস্থার অন্যতম শর্ত হলো পথচারীর নিরাপত্তা নিশ্চিত করা।

ইপিজেডের শ্রমিকদের নিরাপদ যাতায়াত এবং টমছম ব্রিজের পথচারীদের দুর্ভোগ নিরসনে ফুটওভার ব্রিজ নির্মাণ এখন কুমিল্লাবাসীর গুরুত্বপূর্ণ জনদাবি।

 

×