কুমিল্লায় ফেসবুকে আপত্তিকর তথ্য প্রচারের অভিযোগে মামলা দায়ের
কুমিল্লায় ফেসবুকে আপত্তিকর তথ্য প্রচারের অভিযোগে এক কোটি টাকার মানহানি এবং হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে কুমিল্লার ৪নং আমলি আদালতে মামলাটি দায়ের করেন দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার মো. আবুল খায়ের।
আদালত মামলাটি আমলে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলি দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।
মামলায় অভিযুক্ত মো. শাহীন আলম, জেলার আদর্শ সদর উপজেলার হরিপুর গ্রামের মো. হারুন মিয়ার ছেলে।
মামলায় অভিযোগ করা হয়, শাহিন আলম শাহিন নামে ওই ব্যক্তি সাংবাদিক আবুল খায়েরকে নিয়ে ফেসবুকে আপত্তিকর এবং কুরুচিপূর্ণ তথ্য প্রচার করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, এ ঘটনার নেপথ্যে একটি চক্র কাজ করছে, যারা সাংবাদিকের ওপর হামলা এবং তাকে হত্যার চেষ্টা করছে।
অতিরিক্ত পিপি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন বলেন, শাহিন আলম শাহিন নামে একটি ফেসবুক আইডি থেকে আমার মক্কেল সাংবাদিক আবুল খায়েরের বিরুদ্ধে মানহানিকর কুরুচিপূর্ণ আপত্তিকর লেখা প্রকাশ করেছে; যা দেশের প্রচলিত আইন অনুসারে অপরাধযোগ্য। আমরা এক কোটি টাকার মানহানি হয়েছে মর্মে মামলা দায়ের করেছি। তাছাড়া আমার মক্কেলের ওপর হামলা এবং তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছি।
তিনি আরও জানান, আদালত অভিযোগটি তদন্ত করে দেবিদ্বার থানার ওসিকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

















