শুক্রবার, ১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

চৌদ্দগ্রামে স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে স্বামীর আত্মহত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫, ২:৩২ পিএম
চৌদ্দগ্রামে স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে স্বামীর আত্মহত্যা
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আজিজুল হক রবিন নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে উপজেলার উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামে। নিহত রবিন একই গ্রামের আবুল খায়েরের ছেলে। রোববার (১৫ জুন) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজুল হক রবিন আট বছর পূর্বে পারিবারিকভাবে পাশ^বর্তী সদর দক্ষিণ উপজেলার গোয়াল গাঁও গ্রামের নাছিমা আক্তার নামে এক তরুনীকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে মোসা: জান্নাত আরা নামে ছয় বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে ‘পরকিয়া’ সন্দেহে উভয়ের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। ঝগড়ার জের ধরে গত ছয় মাস পূর্বে নাছিমা আক্তার একমাত্র সন্তানকে রেখে তার বাবার বাড়িতে চলে যায়। অনেক বার পারিবারিকভাবে চেষ্টা করেও নাছিমা আক্তারকে আনতে ব্যর্থ হয় আজিজুল হক রবিন। দুই মাস আগে নাছিমা আক্তার তার স্বামী আজিজুল হক রবিনের ঠিকানায় ডিভোর্স লেটার পাঠায়। পরিবারের লোকজন আজিজুল হক রবিনকে বিষয়টি অবগত করেনি। আজিজুল হক রবিন ঈদের ছুটি শেষে পাশ্ববর্তী গার্মেন্টসে চাকরিতে যোগদানের ‘পরিচয়পত্র’ খুঁজতে গিয়ে ডিভোর্স লেটারটি দেখতে পায়। এরপর থেকে তাঁর মন খারাপ হয়ে যায় এবং সর্বশেষ শনিবার বিকেল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর রোববার সকালে বাড়ির পাশের একটি গাছে আজিজুল হক রবিনের ঝুঁলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

নিহত আজিজুল হক রবিনের ভাই আশরাফুল ইসলাম শাওন বলেন, ‘দীর্ঘদিন ধরে ভাই রবিনের সাথে ভাবি নাছিমা আক্তারের ঝগড়া চলছিল। এরই জের ধরে ছয় মাস আগে নাছিমা আক্তার বাবার বাড়িতে চলে যায়। দুই মাস আগে ডিভোর্স লেটার পাঠায় নাছিমা আক্তার। বিষয়টি পরিবারের পক্ষ থেকে গোপন রাখলেও দুইদিন আগে তিনি ডিভোর্স লেটারটি দেখে মানসিকভাবে ভেঙে পড়েন। সর্বশেষ রোববার বাড়ির পাশের একটি গাছে ঝুঁলন্ত লাশ পাওয়া যায়।’

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক তারেক উদ্দিন আকাশ বলেন, ‘আত্মহত্যঅর সংবাদ পেয়ে আজিজুল হক রবিনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে। লাশের ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে’।

চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়ির সীমানা প্রাচীর ভাংচুর

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৬:৪৩ পিএম
চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়ির সীমানা প্রাচীর ভাংচুর

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ কর্তৃক হামলা ও বাড়ির সীমানা প্রাচীর ভাংচুরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী মধ্যমপাড়া মোল্লা বাড়িতে। এ ঘটনায় ভুক্তভোগি আবু তাহের এর স্ত্রী পারভীন বেগম বাদী হয়ে প্রতিবেশী ইউছুফ, ইসমাইল ও রোকেয়া বেগমের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও ১০/১২ জনের নামে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগি পারভীন বেগমের সাথে তারই প্রতিবেশী ইউসুফ এর সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে গত মঙ্গলবার দুপুরে প্রতিপক্ষের লোকজন বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে পারভীন বেগমের বসতবাড়ির পূর্ব-দক্ষিণ পাশের সীমানা প্রাচীর ভাংচুর করে। এ সময় হামলাকারীরা পারভীন বেগম ও তার পরিবারের লোকজনকে দেখে নেওয়ার হুমকি সহ নানান ভয়ভীতি প্রদর্শন করেন। পরে স্থানীয়দের জানিয়ে তিনি উপযুক্ত বিচারের আশায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভাংচুরের এ ঘটনায় পারভীন বেগমের অন্তত ৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন তিনি। অভিযোগ পেয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে ও শান্ত রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে অভিযুক্ত ইসমাইল জানান, ভেঙে ফেলা সীমানা প্রাচীরটি আমার বসতঘরের পাশের। সীমানা প্রাচীরের পশ্চিম পাশে আমাদের জায়গা রয়েছে। বসতঘরের সাথে মিলিয়ে সেখানে একটি রান্না ঘর নির্মাণ করবো, সেজন্য সীমানা প্রাচীরটি ভেঙে ফেলা হয়েছে। এখন কেউ যদি ঐ জায়গার দাবি করে, তাদেরকে বলেন জমির কাগজপত্র দেখাতে। আমাদের কাছে কেউ যদি জায়গা পায় আমি তা ছেড়ে দিব।

চৌদ্দগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আদালতে উভয়পক্ষের মামলা চলমান রয়েছে। বুধবারও তাদের মামলার তারিখ ছিল আদালতে। আদালতের মাধ্যমে বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত উভয়পক্ষকে বিবাদমান জায়গায় যেতে নিষেধ করা হয়েছে। এ ব্যাপারে তারা সম্মতি প্রকাশ করে মৌখিক প্রতিশ্রুতি দিয়েছে।

চৌদ্দগ্রামে সাপের কামড়ে কিশোরের মৃত্যু

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৬:৩১ পিএম
চৌদ্দগ্রামে সাপের কামড়ে কিশোরের মৃত্যু

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সাপের কামড়ে মোহাম্মদ ইমন (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের উত্তর সোনাপুর গ্রামের মো. হারুন মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে নিহত ইমনের বাড়ী সংলগ্ন এলাকায়। ইমনের মৃত্যুকে পরিবারে শোকের মাতম চলছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইমন প্রায় প্রতিদিনের মত বৃহস্পতিবার রাত অনুমান দশটায় বাড়ির পাশে একটি কালভার্টের উপর বসে মোবাইল চালাচ্ছিলেন। এ সময় বিষাক্ত সাপ এসে তাকে কামড় দেয়। সাপের কামড়কে তেমন গুরুত্ব না দিয়ে নিজের মোবাইল চালানোতেই ব্যস্ত থাকে ইমন। একপর্যায়ে তার শারীরিক অবস্থা খারাপের দিকে গেলে পরিবারের লোকজন তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শুক্রবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইমনের মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. বায়েজিদ জানান, রাত দুইটায় ইমন নামে সাপে কাটা এক রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে তার স্বজনরা। তার দেহকে বিষমুক্ত করতে তাৎক্ষণিক অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়। এরপরও তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুনেছি পরে সেখানে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, সাপের কামড়ে কিশোরের মৃত্যুর বিষয়ে কেউ অবহিত করেনি। নিজতের পরিবার চাইলে তাদেরকে এ ব্যাপারে আইনগত সহযোগিতা প্রদান করা হবে।

চৌদ্দগ্রামে অসহায় পরিবারকে ঘর উপহার দিল জুপুয়া প্রবাসী মানব কল্যাণ সংস্থা

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৫:৩৭ পিএম
চৌদ্দগ্রামে অসহায় পরিবারকে ঘর উপহার দিল জুপুয়া প্রবাসী মানব কল্যাণ সংস্থা

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মানুষের কল্যাণে সদা প্রস্তুত’ এ মূলমন্ত্রকে সামনে রেখে প্রতিষ্ঠিত ‘জুপুয়া প্রবাসী মানব কল্যাণ সংস্থা’ এর উদ্যোগে একটি অসহায় ও সুবিধাবঞ্ছিত পরিবারের জন্য নবনির্মিত ঘর উপহার হিসেবে হস্তান্তর করা হয়েছে।

এ সময় ‘জুপুয়া প্রবাসী মানব কল্যাণ সংস্থা’ এর সভাপতি, সেক্রেটারি সহ সকল সদস্য, আর্থিক সহায়তা প্রদানকারী প্রবাসী এবং বিভিন্নভাবে সহযোগিতা প্রদানকারী সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উপস্থিত সংস্থার নেতৃবৃন্দ। ভবিষ্যতেও এমন ভালো কাজে ‘জুপুয়া প্রবাসী মানব কল্যাণ সংস্থা’ এর সাথে প্রবাসীদের সহযোগিতামূলক অংশগ্রহণ প্রত্যাশা করছেন তারা।

শুক্রবার (১ মে) উপজেলার শুভপুর ইউনিয়নের জুপুয়া পশ্চিমপাড়ায় এ উপলক্ষে আয়োজিত ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘জুপুয়া প্রবাসী মানব কল্যাণ সংস্থা’ এর স্থায়ী সদস্য মো. নজরুল ইসলাম, মো. ওমর ফারুক মজুমদার, মো. ্ ইব্রাহিম খুলল সুমন, মো. ইয়াছিন মিয়া, স্বেচ্ছাসেবক মোহাম্মদ হাসান মজুমদার জুয়েল, মোহাম্মদ আলী জিন্নাহ, ডা. সোহেল রানা, সালাহ উদ্দিন মজুমদার, রবিউল আলম, আল-কাইয়ুম রোকন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে ‘জুপুয়া প্রবাসী মানব কল্যাণ সংস্থা’ এর পক্ষ থেকে একটি নতুন ঘর উপহার হিসেবে পেয়ে সন্তোষ প্রকাশ করে সংস্থার সভাপতি, কানাডা প্রবাসী মো. মাসুম বিল্লাহ, সেক্রেটারি, সৌদিআরব প্রবাসী মো. আরিফ হোসাইন সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সুবিধাভোগি পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, ‘জুপুয়া প্রবাসী মানব কল্যাণ সংস্থা’ প্রতিষ্ঠার পর থেকে ২৪ এর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, বন্যাকালীন সময়ে অসুস্থ ও হতদরিদ্রদের চিকিৎসায় ‘মেডিকেল ক্যাম্প’ বাস্তবায়ন, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও ফরম পূরণ বাবদ নগদ অর্থ প্রদান, একজন প্যারালাইজড, একজন হার্টের রোগীর অপারেশন ও এালাকার অসহায় রোগীদের চিকিৎসা খরচ, বিভিন্ন রোগীকে জটিল অপারেশন পরবর্তী ঔষধ ক্রয় বাবদ এবং একটি অসহায় নারীকে ঋণ পরিশোধ বাবদ নগদ অর্থ প্রদান, পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্রদের মাঝে উপহার হিসেবে ইফতার সামগ্রী বিতরণ, কন্যা দায়গ্রস্ত পিতাকে নগদ সহায়তা প্রদান, গৃহ নির্মাণে বিভিন্ন অসহায় পরিবারকে সহযোগিতা করা, ইছালে সাওয়াবের উদ্দেশ্যে স্থানীয় সকল মসজিদে মিলাদের আয়োজন সহ মসজিদের ইমামদেরকে ঈদ সালামী প্রদান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অস্বচ্ছল পরিবারের মাঝে উপহার হিসেবে ঈদ সামগ্রী বিতরণ সহ এলাকায় দিনমজুর, অসহায় ও হতদরিদ্রদের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করে আসছে। যারফলে এলাকার অসহায় পরিবারের সদস্যরা বেশ উপকৃত হচ্ছে। ‘জুপুয়া প্রবাসী মানব কল্যাণ সংস্থা’ এর এসব কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। সুবিধাভোগি পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের জানিয়েছেন আন্তরিক কৃতজ্ঞতা। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাদের প্রত্যাশা।

×
Skip to toolbar