মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

হোমনায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত; অপরাধী আমার দলের হলেও আগে গ্রেপ্তার করতে হবে- অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া

মোঃ তারিকুল ইসলাম (তারেক), হোমনা,কুমিল্লা। প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৯:৩৪ পিএম
হোমনায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত; অপরাধী আমার দলের হলেও আগে গ্রেপ্তার করতে হবে- অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লার হোমনা উপজেলায়, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ও মুখ্য উপদেষ্টা হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অপরাধী আমার দলের হলেও তাকে সবার আগে গ্রেপ্তার করতে হবে। আইনশৃঙ্খলা উন্নয়নে অপরাধীকে অপরাধী হিসেবেই দেখতে হবে। তিনি মাদকের ডিলারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন। পাশাপাশি কৃষকদের জন্য সবধরনের সরকারি সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলাম মানিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এ ছাড়া উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মুকুল (ভিপি মুকুল), পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি জাকির হাসান (জাকি)সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় সাংবাদিকরা সভায় অংশ নেন।

সভায় বক্তারা মাদক, ইভটিজিং, চুরি-ডাকাতি, খুন ও ধর্ষণ প্রতিরোধে সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

নগরীর থিরাপুকুর পাড় ও জিনার পুকুর পাড়ের বিরোধের অবসান, ফিরছে শান্তি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ২:৩৪ এএম
নগরীর থিরাপুকুর পাড় ও জিনার পুকুর পাড়ের বিরোধের অবসান, ফিরছে শান্তি

কুমিল্লা নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের থিরাপুকুর পাড় ও জিনার পুকুর পাড় এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া উত্তেজনা ও সংঘর্ষের অবসান ঘটেছে। টানা তিন দিনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর সংশ্লিষ্টদের পারস্পরিক সমঝোতা এবং প্রশাসনের হস্তক্ষেপে বিরোধ মিমাংসা হয়েছে। এতে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং শান্তির বার্তা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। ধীরে ধীরে তা উত্তেজনা ও সংঘর্ষে রূপ নেয়, যা এলাকায় আতঙ্ক ও অস্থিরতা তৈরি করে। পরিস্থিতি জটিল হয়ে উঠলে বিষয়টি সমাধানে এগিয়ে আসেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজিব।
রোববার (২৭ এপ্রিল) মানবিক সংগঠন ‘বিবেক’-এর কার্যালয়ে উভয় পক্ষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মিমাংসা বৈঠক অনুষ্ঠিত হয়। তাদের আন্তরিক উদ্যোগ, আলোচনা এবং দক্ষ মধ্যস্থতায় দুই পক্ষ সমঝোতায় পৌঁছায়।
বৈঠকে উপস্থিত সংশ্লিষ্টরা জানান, একটি স্বার্থান্বেষী মহল পরিস্থিতিকে ঘোলাটে করে ফায়দা লুটতে চেয়েছিল। তবে সময়োপযোগী পদক্ষেপের কারণে সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে এবং বিরোধ বড় আকার ধারণ করতে পারেনি। এ ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
মিমাংসা বৈঠকে উভয় পক্ষকে ভবিষ্যতে আরও সহনশীল ও সংযত আচরণ করার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে সংঘর্ষে গুলিবিদ্ধ ইয়ানের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়।
ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর বিষয়ে কঠোর সতর্কতাও প্রদান করা হয়েছে।
এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, এই সমঝোতার মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে এবং ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটবে না।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চান্দিনায় দুই দফা সংঘর্ষ: আহত ৪

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১১:১৯ পিএম
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চান্দিনায় দুই দফা সংঘর্ষ: আহত ৪

চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাদী মোঃ হালিমের পরিবারের চারজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে প্রথম দফার সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বিবাদী মোঃ সুমন, তার পিতা ইউছুফ ও স্ত্রী জেসমিন বেগমসহ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদীর বসতবাড়ির উঠানে প্রবেশ করে হামলা চালায়। এ সময় তারা বাদীর ছেলে ও উপস্থিত স্বাক্ষীদের ওপর লাঠি ও স্টিলের পাইপ দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। হামলার সময় ঘর থেকে নগদ ৮০ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন লুট করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।

একই দিন বিকাল ৫টার দিকে চান্দিনা ডাকঘরের সামনে দ্বিতীয় দফায় আবারও হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, বাদীর স্ত্রী ও ছেলেকে অটোরিক্সা থেকে নামিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এতে তারা রক্তাক্ত জখম হন। এ সময় তাদের কাছ থেকে নগদ ৪৫ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। আহতদের মধ্যে বাদীর স্ত্রীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বাদী মোঃ হালিম চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-২১)। তদন্ত কর্মকর্তা বিমল দাস জানান, একই ঘটনায় বিবাদীপক্ষও পাল্টা একটি মামলা করেছে (মামলা নং-২২)। উভয় মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাদী মোঃ হালিম অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা চালানো হয়েছে। তার দাবি, বিবাদীপক্ষ এক বছর আগের পুরনো ছবি ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছে। তিনি বিষয়টি আদালতের মাধ্যমে মোকাবিলা করবেন বলে জানিয়েছেন।

এদিকে সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

শুভ্রের মা’ম’লার আসামিদের বি’রু’দ্ধে গ্রে’প্তা’রি পরোয়ানা, তবু থামেনি অ’প’রাধ

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৯:৫৮ পিএম
শুভ্রের মা’ম’লার আসামিদের বি’রু’দ্ধে গ্রে’প্তা’রি পরোয়ানা, তবু থামেনি অ’প’রাধ

 

কুমিল্লায় পেশাজীবী ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রের দায়ের করা একাধিক মামলার আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তারা এখনো পলাতক রয়েছে। অভিযোগ উঠেছে, এসব আসামি ও তাদের সহযোগী চক্র আদালতের নির্দেশ অমান্য করে ধারাবাহিকভাবে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এতে বাদী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

মওদুদ আব্দুল্লাহ শুভ্র জানান, তাঁর দায়ের করা জি আর মামলা নং ৪১(৮৫০)/২৪ (তারিখ: ১৪ নভেম্বর ২০২৪)–এ নামীয় ও অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে বিচার প্রক্রিয়া বিঘ্নিত না করা এবং সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের নির্দেশ দেন কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১।

তবে অভিযোগ রয়েছে, আদালতের নির্দেশ উপেক্ষা করে আসামিরা তাঁকে ও তাঁর পরিবারকে নানা উপায়ে ভয়ভীতি দেখাচ্ছে। মামলার সাক্ষীদেরও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, অপহরণের চেষ্টা, চাঁদা দাবি, ফেসবুকে অপপ্রচার, সম্মানহানি, মিথ্যা তথ্য ছড়িয়ে সামাজিকভাবে হেয় করা, এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।

বাদীর ভাষ্য, আসামিদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে, যারা প্রশাসনের পরিচয় ব্যবহার করে প্রতারণা করছে। তাদের বিরুদ্ধে অপহরণ প্রচেষ্টা, অস্ত্র নিয়ে হামলা, বাসার সামনে কাফনের কাপড় রেখে হুমকি, গোপন ক্যামেরা স্থাপনের চেষ্টা এবং মোটরসাইকেল ও প্রাইভেটকার ব্যবহার করে নজরদারির মতো গুরুতর অভিযোগ রয়েছে।

তিনি বলেন, “জি আর মামলা রেকর্ড হওয়ার পর আসামিরা আরও বেপরোয়া হয়ে ওঠে। বিভিন্নভাবে আমাকে পেশাগত কাজে বাধা দেওয়া হচ্ছে। আমার ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

এ ছাড়া দস্যুতা সংক্রান্ত আরেকটি মামলা (এফআইআর-৫১, জি আর-৮১২; তারিখ: ১৬ অক্টোবর ২০২৫)–তেও আসামিরা পলাতক রয়েছে এবং এখনো কোনো মালামাল উদ্ধার হয়নি। দুটি মামলাই আমলযোগ্য ও অজামিনযোগ্য হওয়ায় দ্রুত গ্রেপ্তার ও চূড়ান্ত প্রতিবেদন দাখিলের দাবি জানিয়েছেন তিনি।

এদিকে, সাম্প্রতিক আরেকটি সি আর মামলা (নং-৬১৫/২৬, তারিখ: ১৬ এপ্রিল ২০২৬) কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১-এ রেকর্ড হয়েছে। দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩০৭/৩৮৫/৩৬৫/৪২০/৫১১/৫০০/৩৭৯/৫০৬(২)/৩৪ ধারায় মামলাটি আমলে নিয়ে পুলিশকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

মওদুদ আব্দুল্লাহ শুভ্র আরও জানান, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারেও তিনি লিখিত অভিযোগ করেছেন। আইজিপির অভিযোগ সেল থেকে ১২ মার্চ ২০২৬ তারিখে জারি করা এক স্মারকে দ্রুত নিষ্পত্তির জন্য কুমিল্লার পুলিশ সুপারকে ব্যবস্থা নিতে বলা হয়।

পরবর্তীতে পুলিশ সুপার কুমিল্লা ২৪ মার্চ ২০২৬ তারিখে নির্দেশনা গ্রহণ করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কোতোয়ালি থানার ওসিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আনোয়ার বলেন, “পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে আমরা বাদীর বাসায় গিয়েছি এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

তিনি আরও বলেন, “এই মামলার পাশাপাশি উল্লিখিত আসামিদের বিরুদ্ধে আরও একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”

বাদীর দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আসামিরা আরও বড় ধরনের অপরাধ সংঘটিত করতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তিনি আসামিদের দ্রুত গ্রেপ্তারসহ পুরো অপরাধী চক্রকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

×
Skip to toolbar