কুমিল্লায় বুলেট বৈরাগীর মৃত্যু তদন্তে যৌথ টিমের অগ্রগতি তিনজন গ্রেফতার
Oplus_131072
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন অগ্রগতি হয়েছে। র্যাব তিন ছিনতাইকারীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। একই সঙ্গে পুলিশ, র্যাব, ডিবি, সিআইডি ও পিবিআই সমন্বিতভাবে ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে।
রোববার সন্ধ্যায় সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি হাড়াতলী এলাকায় ফুটপাতে পড়ে থাকা অবস্থায় উদ্ধার হওয়া বুলেট বৈরাগীর মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন সামনে এসেছে। মাথার পেছনে গুরুতর আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন থাকায় এটি সড়ক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। র্যাব ১১ সিপিসির অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, ঘটনাটি শুরুতে ক্লুলেস মার্ডার হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে। তিনি বলেন, সাধারণ দুর্ঘটনায় এ ধরনের আঘাতের ধরন ও মরদেহের অবস্থান মিলছে না।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, নিহতের ব্যবহৃত মোবাইল ফোন শনিবার ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত সচল ছিল। রাত আড়াইটার আগ পর্যন্ত পরিবারের সঙ্গে তার কথা হয়। এরপর থেকে তিনি নিখোঁজ হন। মোবাইল ফোনের ট্র্যাকিং ধরে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে এবং এতে উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে।
এদিকে বুলেট বৈরাগী চট্টগ্রামের অলংকার মোড় থেকে কোন বাসে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অনুসন্ধানে গোল্ডেন পরিবহন ও সেন্টমার্টিন পরিবহনের নাম এলেও সেগুলোর সত্যতা পাওয়া যায়নি। তার নামার কথা ছিল পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায়, কিন্তু মরদেহ পাওয়া গেছে প্রায় ৪ কিলোমিটার দূরে কোটবাড়ি হাড়াতলীতে।
ময়নাতদন্ত সূত্রে জানা গেছে, মাথা, শরীরের পেছন এবং বাম হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এসব আঘাত সড়ক দুর্ঘটনা না হত্যাকাণ্ডের ফল, তা নিশ্চিত হওয়া যায়নি। এ জন্য ভিসেরা সংগ্রহ করে চট্টগ্রাম সিআইডিতে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নিহতের পরিবার দাবি করেছে, এটি একটি পরিকল্পিত হত্যা। তারা জানায়, বুলেট বৈরাগীর সঙ্গে থাকা দামি ক্যামেরা, মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার জন্য দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। এ ঘটনায় সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে এখনো কাউকে আসামি করা হয়নি।
হাইওয়ে পুলিশ জানায়, শনিবার সকাল পৌনে আটটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে ছবি প্রচারের মাধ্যমে পরিবারের সদস্যরা এসে তাকে শনাক্ত করেন। তদন্তে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কোটবাড়ি এলাকার একটি হোটেল ও পার্শ্ববর্তী স্থানের ক্যামেরা বিশ্লেষণে ঘটনাস্থলে একজন ব্যক্তির চলাফেরা দেখা গেলেও তাকে শনাক্ত করা যায়নি।
রোববার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে সেটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হয় এবং সন্ধ্যায় শেষকৃত্য সম্পন্ন হয়। নিহত বুলেট বৈরাগী গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার বাসিন্দা। তিনি ৪১তম বিসিএস নন ক্যাডার হিসেবে ঢাকা কাস্টমস কার্যালয়ে যোগ দেন এবং সর্বশেষ কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লা শহরের রাজগঞ্জ এলাকায় পরিবারসহ বসবাস করতেন।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার তার একমাত্র সন্তানের প্রথম জন্মদিন। চার দিন আগে তাদের বিবাহবার্ষিকী ছিল। এমন সময় এই মৃত্যু পরিবারটিকে শোকের মধ্যে ডুবিয়ে দিয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, তদন্তে অগ্রগতি হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। খুব শিগগিরই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।



















