শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

কুমিল্লায় দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে মামলা তদন্তে সিআইডি

আদালত প্রতিবেদক : প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ২:০২ এএম
কুমিল্লায় দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে মামলা তদন্তে সিআইডি
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেই অপহরণ, জোরপূর্বক সাক্ষর আদায় ও প্রাণনাশের হুমকির মতো গুরুতর অভিযোগে মামলা দায়ের হওয়ায় জনমনে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজনকে আসামি করে দায়ের হওয়া এ মামলাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে চরম অনিশ্চয়তা ও আতঙ্ক।

 

মামলার বাদী চন্দন কুমার সূত্রধর (পিতা: লক্ষন সূত্রধর) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ মামলা দায়ের করেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ১নং আমলি আদালতের বিচারক মুমিনুল হক বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি আমলে নেন। মামলা নং সিআর ৬৬৯/২৬ ইং এবং বিষয়টির গুরুত্ব বিবেচনায় তদন্তের দায়িত্ব সিআইডির ওপর ন্যস্ত করা হয়।

 

মামলায় অভিযুক্ত করা হয়েছে, এনায়েত আলী সুমন (সত্বাধিকারী, হোটেল ডায়না), এসআই (নিঃ) কুতুব উদ্দিন (সেকেন্ড অফিসার, কোতোয়ালি মডেল থানা, কুমিল্লা) এবং এএসআই নন্দন (একই থানা)। এছাড়া আরও ২/৩ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে, যাদের পরিচয় এখনো উদঘাটিত হয়নি।

 

বাদীর অভিযোগ অনুযায়ী, গত ১৮ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ছাতিপট্টি এলাকার স্বরসত্তী জুয়েলার্সের সামনে থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। প্রায় ৩/৪ ঘন্টা অবরুদ্ধ করে রেখে মুক্তিপণ দাবি করা হয়। থানায় নিয়ে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে নানান মামলার আসামি করে চালান দেওয়ার হুমকি দেওয়া হয়। তার কাছ থেকে জোরপূর্বক ১৯ লাখ টাকার একটি চেক, স্ট্যাম্প ও সাদা কাগজে সাক্ষর নেওয়া হয়। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে দাবি করেন বাদী চন্দন কুমার।

 

বাদীর আইনজীবী সুবীর নন্দী বলেন, “সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উল্লেখিত আসামীরা বাদীর সাথে জঘন্যতম অন্যায় এবং ফৌজদারী অপরাধ করেছে। বিষয়টি মহামান্য আদালত আমলে নিয়ে সিআইডি তদন্তের নির্দেশ প্রদান করেছেন।”

 

এ ধরনের অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নাম উঠে আসায় সাধারণ মানুষের মধ্যে আস্থার সংকট আরও ঘনীভূত হচ্ছে। স্থানীয়দের মতে, “যেখানে নিরাপত্তার জন্য মানুষ পুলিশের কাছে যায়, সেখানে যদি পুলিশের বিরুদ্ধেই এমন অভিযোগ ওঠে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে?”

 

কোতোয়ালি থানার ওসি তৌফিকুল ইসলাম বলেন, “আদালতের আদেশ না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। বিষয়টি তদন্তাধীন, সত্যতা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।” বর্তমানে মামলাটি সিআইডির তদন্তাধীন রয়েছে। তদন্তে কী তথ্য উঠে আসে, সেদিকেই এখন সবার দৃষ্টি।

কুমিল্লায় ডাঃ নাজনীন লুবনার বিরুদ্ধে আদালতে মামলা তদন্তে সিভিল সার্জন

আদালত প্রতিবেদক : প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৫:১৯ পিএম
কুমিল্লায় ডাঃ নাজনীন লুবনার বিরুদ্ধে আদালতে মামলা তদন্তে সিভিল সার্জন

Oplus_131072

কুমিল্লায় এক প্রসূতির সিজার অপারেশনের সময় চিকিৎসকের অবহেলার কারণে রোগীর পেটে কাপড় রেখে সেলাই করার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় আদালতে মামলা দায়ের করা হয়েছে।

 

মামলাটি কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কগ নং-১ এ সি.আর ৬৭৩/২০২৬ হিসেবে দায়ের হয়। আদালত সিভিল সার্জনকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার বাদী মোঃ এনামুল হক মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলার কটপাড়া এলাকার বাসিন্দা। বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে কুমিল্লার মিডল্যান্ড হাসপাতাল প্রাইভেট লিমিটেডের গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডাঃ নাজনীন জাহান লুবনাকে।

 

অভিযোগে বলা হয়, বাদীর মেয়ে মাকসুদা আক্তার ২০২৫ সালের ২৯ নভেম্বর কান্দিরপাড়ে মিডল্যান্ড হাসপাতালে সিজার অপারেশনের সময় জরায়ু অপসারণের পাশাপাশি চিকিৎসকের অবহেলায় পেটে কাপড় রেখে সেলাই করা হয়। পরবর্তীতে দীর্ঘদিন ব্যথা ও জটিলতায় ভুগে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি হলে সিটি স্ক্যান পরীক্ষায় “টেক্সটাইলোমা” শনাক্ত হয়। অবশেষে ২০২৬ সালের ১৭ এপ্রিল কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে পুনরায় অস্ত্রোপচারে রোগীর পেট থেকে কাপড় বের করা হয়।

 

বাদী দাবি করেন, চিকিৎসকের অবহেলার কারণে ভুক্তভোগীর শারীরিক ক্ষতির পাশাপাশি প্রায় পাঁচ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। বর্তমানে রোগীর শারীরিক অবস্থার জটিলতা রয়েছে এবং ভবিষ্যতে আরও অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। মামলার সাথে চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র ও অপারেশনে বের হওয়া কাপড়ের ছবি সংযুক্ত করা হয়েছে।

 

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মোঃ আবদুস সালাম কমরউদ্দিন বলেন, “একজন বিশেষজ্ঞ ডাক্তারের এতবড় অবহেলা খুবই দুঃখজনক। আমার ভিকটিম আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। দীর্ঘ ৫ মাস একই সমস্যা নিয়ে আসামির নিকট বারবার গেলেও সঠিক চিকিৎসা দেওয়া হয়নি যা রহস্যজনক। আমি আশা করি বিজ্ঞ আদালত ন্যায় বিচার করবেন এবং এই রায় দৃষ্টান্ত স্থাপন হয়ে থাকবে।”

 

আদালতের নির্দেশে সিভিল সার্জনের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেবীদ্বারে তেলবাহী পদ্মা ট্রাম লড়ি থেকে ডিজেল চুরির অভিযোগে গ্রেপ্তার-০২

মো: বিল্লাল হোসেন: প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৪:৪৬ পিএম
দেবীদ্বারে তেলবাহী পদ্মা ট্রাম লড়ি থেকে ডিজেল চুরির অভিযোগে গ্রেপ্তার-০২

কুমিল্লার দেবীদ্বারে ”তেলবাহী পদ্মা ট্রাম লড়ি” থেকে ৩৪০ লিটার ডিজেল চুরির অভিযোগে ২ চোরাকারবারীকে আটক করে শুক্রবার বিকেল পৌনে ৩ টায় কুমিল্লা কোর্ট হাজতে চালান করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২ টায় ‘কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের
দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের ‘দিবানিশী হোটেলের’ পশ্চিম পাশের মহসীনের দোকানে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) অপু বড়ুয়া এবং এএসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে একদল টহলরত পুলিশ ঘটনাস্থলে গিয়ে “চট্রগ্রাম মেট্রো- ঢ-৪১-০০২৭ নং “পদ্মা কোং লিঃ এর একটি ট্রাঙ্ক লড়ি” থেকে পাইপের মাধ‍্যমে প্লাস্টিকের ড্রামে ডিজেল পোড়ানোর সময় হাতে নাতে ২ চোরকে আটক করেন। এ সময়
পদ্মা কোং লিঃ এর ট্রাঙ্ক লড়ি” চালক পালিয়ে যায়। পুলিশ আরো জানান চোর সিন্ডিকেট চক্রটি তেল ক্রাইসিসের পর থেকে “পদ্মা কোং লিঃ এর ট্রাঙ্ক লড়ি” থেকে এবং বিভিন্ন তেল পাম্প থেকে ডিজেল এনে মজুত রেখে বেশী দামে বিক্রয় করে আসছিল।

আটককৃত তেল চোর সিন্ডিকেট সদস‍্যরা হলেন, মুরাদনগর উপজেলার মুরাদনগর গ্রামের রেনু মেম্বারের ছেলে শাহীন মিয়া (৪৮) ও দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে জুয়েল (৩০)কে আটক করা হয়। এসময় পৌর এলাকার মীর্জানগর গ্রামের পিতা অজ্ঞাত “পদ্মা কোং লিঃ এর ট্রাঙ্ক লড়ি” চালক মোরশেদ আলম পালিয়ে যায়।

ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক শাহীন, জুয়েল ও পলাতক মোরশেদকে অভিযুক্ত করে বেশীদামে বিক্রয়ের উদ্দেশ্যে কালোবাজারী ও মজুতধারী’র ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ‍্যাক্ট ২৫(১) ধারায় থানায় মামলা দায়ের করেন।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, অভিযানে একটি প্লাস্টিক ড্রামে ২ শত লিটার এবং প্লাস্টিক ছোট ৩টি কন্টেইনারে ৭০ লিটার ডিজেল এবং দোকানে তল্লাসী চালিয়ে আরো ৩ টি প্লাস্টিক কন্টেইনারে ৭০ লিটারসহ ৩৪০ লিটার ডিজেল এবং “পদ্মা কোং লিঃ এর একটি ট্রাঙ্ক লড়ি” উদ্ধারসহ অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের পূর্বক আদালতে চালান করা হয়।

কুমিল্লা পলিটেকনিক ক্যাম্পাসে ছাত্রদল শিবির সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১২:৪২ এএম
কুমিল্লা পলিটেকনিক ক্যাম্পাসে ছাত্রদল শিবির সংঘর্ষ

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি এলাকায় এ সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন। আহতদের জেলা সদরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সূত্রে জানা যায়, এক শিক্ষার্থীকে থাপ্পড় মারাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। সন্ধ্যায় ছাত্রশিবিরের সদস্যরা অধ্যক্ষের কক্ষে গিয়ে বিচার দাবি করেন। অধ্যক্ষ তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের কথা জানালেও তাৎক্ষণিক বিচার দাবি করে ছাত্রশিবির। একপর্যায়ে অধ্যক্ষের কক্ষেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে রূপ নেয়। এ সময় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।

 

ছাত্রদল অভিযোগ নাকচ করে জানায়, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। অন্যদিকে ছাত্রশিবির দাবি করে, গুপ্ত লেখার কর্মসূচিকে কেন্দ্র করেই ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি হাসান আহমেদ জানান, তাদের কর্মী নাফিস আব্দুল্লাহকে মারধর করা হয় এবং ভিডিও চাইতে গেলে হামলা হয়। এতে শিবিরের সভাপতি ও সেক্রেটারি আহত হন।

 

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের সভাপতি ইমন আহমেদ বলেন, বিকেলে শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ ঘটে। অধ্যক্ষ মাজারুল ইসলাম জানান, হঠাৎ করেই সংঘর্ষ শুরু হয় এবং তদন্ত কমিটি গঠনের আগেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

 

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক জানান, দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।

×
Skip to toolbar