লালমাইয়ে মাদকাসক্ত ছেলেকে জ*বা*ই করে হ*ত্যা*র অভিযোগে পিতা আটক
Oplus_131072
কুমিল্লার লালমাই উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের রামপুর কাজী বাড়িতে মাদকাসক্ত ছেলেকে জবাই করে হত্যার অভিযোগে কাজী হিরন মিয়া (৭০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কাজী মোহাম্মদ উল্লা (৪০), তিনি আটক হিরন মিয়ার তৃতীয় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোহাম্মদ উল্লা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পিতা-মাতাকে মারধর, বড় ভাইয়ের স্ত্রীদের যৌন হয়রানিসহ নানা অভিযোগে প্রায় তিন মাস আগে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠান লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।
গত ২ এপ্রিল কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি আবারও পরিবারের সদস্যদের হয়রানি ও গালাগাল শুরু করেন। বৃহস্পতিবার দুপুরে মাদকের টাকা চেয়ে না পেয়ে তিনি পিতা হিরন মিয়াকে দেয়ালে চেপে ধরে মারধর শুরু করেন। একপর্যায়ে ধারালো ছুরি নিয়ে বাবাকে হত্যার চেষ্টা করলে ধাক্কায় তিনি মেঝেতে পড়ে যান। তখন ক্ষুব্ধ হয়ে হিরন মিয়া ছেলের হাত থেকে ছুরি কেড়ে নিয়ে তাকে জবাই করে হত্যা করেন।
ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হিরন মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।















