মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের সমর্থকদের বিক্ষোভে হামলা: ধাওয়া-পাল্টা ধাওয়া, সাংবাদিক সহ আহত অন্তত ১৮
মুরাদনগর প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো উপজেলা সদরের আল্লাহ চত্বর এলাকা। ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ইউপি সদস্যও রয়েছেন।
বুধবার বিকেলে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আল্লাহ চত্বরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে জমায়েত হন এনসিপি নেতা-কর্মী ও সমর্থকরা। সমাবেশ শুরু হওয়ার কিছুক্ষণ পর পার্শ্ববর্তী জেলা পরিষদ মার্কেট ভবন থেকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে উপস্থিত লোকজন ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
আহত ইউপি সদস্য শেখর সাংবাদিকদের জানান, “আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলাম। হঠাৎ উপর্যুপরি ইট নিক্ষেপ শুরু হয়। আমাকে ধরে ফেলে বেধড়ক মারধর করা হয়, মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পাই।”
মিছিলের অন্যতম আয়োজক ও নাগরিক সমাজের আহ্বায়ক মিনাজুল হক বলেন, “বিএনপির লোকজন পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালায়। আল্লাহ চত্বরে পৌঁছানোর পর হঠাৎ আমাদের দিকে শত শত ইট ছুঁড়ে মারে। এতে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। ইউপি সদস্য শেখরের অবস্থা আশঙ্কাজনক।”
এ বিষয়ে মুরাদনগর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আমিন কাদের খান বলেন, “আজ মুরাদনগর সদরে এনসিপির একটি বিক্ষোভ কর্মসূচি চলছিল। হঠাৎ করেই পার্শ্ববর্তী এলাকা থেকে ইট-পাটকেল ছোড়া হয় এবং উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
তিনি আরও জানান, আহতদের সংখ্যা ও ঘটনার পেছনে কারা ছিল—তা তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


















