ডিসেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান, প্রস্তুত গুলশানের বাসা
Oplus_131072
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরছেন। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে দলটির চেয়ারপার্সনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রবাস জীবন শেষে ঢাকায় ফিরে তারেক রহমান থাকবেন মায়ের বাড়ির পাশেই। গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাড়িটি ইতোমধ্যে প্রস্তুত করা হচ্ছে তার আবাসনের জন্য। বাসার ভেতরে চলছে সংস্কার কাজ, বাইরে দেয়া হয়েছে নতুন রং। সীমানা প্রাচীরে বসানো হয়েছে কাঁটাতারের বেষ্টনি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এছাড়া, দেশে ফিরে যেখান থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন সেই কার্যালয়েও চলছে সংস্কার। গুলশান-দুই এর ৮৬ নম্বর রোডে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে।
দেশে ফেরার আগে চলতি মাসেই সৌদি আরবে ওমরাহ পালনের পরিকল্পনা ছিল তারেক রহমানের। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি নির্বাচনের পর ওমরাহ পালন করবেন বলে জানিয়েছেন ফজলে এলাহী আকবর।
তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। রাজনৈতিক অঙ্গনে এই ফেরাকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা।



















