পিলখানা হত্যাকাণ্ডে ভারত ও আওয়ামী লীগের জড়িত থাকার প্রমাণ দিল স্বাধীন তদন্ত কমিশন
Oplus_131072
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞের ১৬ বছর পর জাতীয় স্বাধীন তদন্ত কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে। গতকাল রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমানের নেতৃত্বে কমিশনের সদস্যরা এই প্রতিবেদন হস্তান্তর করেন।
প্রধান উপদেষ্টা বলেন, “বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন অন্ধকারে ছিল। সত্য উদঘাটনে কমিশনের ভূমিকা জাতি স্মরণে রাখবে।” তিনি আরও বলেন, “এই প্রতিবেদনে শিক্ষণীয় বহু বিষয় উঠে এসেছে, যা জাতির জন্য মূল্যবান সম্পদ হয়ে থাকবে।”
কমিশনের প্রধান জানান, ১৬ বছর আগের ঘটনার বহু আলামত নষ্ট হয়ে গেলেও, সাক্ষ্যগ্রহণ ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে তারা সত্য উদঘাটনের সর্বোচ্চ চেষ্টা করেছেন। আট ঘণ্টা পর্যন্ত সাক্ষ্যগ্রহণ, তদন্ত রিপোর্ট সংগ্রহ এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে তারা এই প্রতিবেদন প্রস্তুত করেছেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো—এই তদন্তে বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তি ভারত এবং তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। কমিশনের সদস্য মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর কবির তালুকদার জানান, এই হত্যাকাণ্ড ছিল পূর্বপরিকল্পিত। প্রধান সমন্বয়কের ভূমিকায় ছিলেন তৎকালীন সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। হত্যাকাণ্ডের সময় স্থানীয় আওয়ামী লীগ নেতারা মিছিল নিয়ে পিলখানায় প্রবেশ করে এবং পরে বহুগুণে বেড়ে বেরিয়ে আসে।
কমিশনের মতে, এই হত্যাকাণ্ডে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিল। দায় বর্তায় সরকারপ্রধান থেকে শুরু করে সেনাপ্রধান, পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার ওপরও। কমিশন জানায়, কিছু মিডিয়া ও সাংবাদিকের ভূমিকাও ছিল অপেশাদার।
সংবাদ সম্মেলনে কমিশনপ্রধান জানান, ভারত এই হত্যাকাণ্ডে জড়িত ছিল এবং বাংলাদেশ সেনাবাহিনী ও বিডিআরকে দুর্বল করাই ছিল তাদের উদ্দেশ্য। তিনি বলেন, “২০০৯ সালে ৯২১ জন ভারতীয় বাংলাদেশে প্রবেশ করলেও ৬৭ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি।”
কমিশনের প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ সেলিম, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক, সাহারা খাতুন, জেনারেল তারেক, জেনারেল মইন ও জেনারেল আকবরসহ একাধিক প্রভাবশালী রাজনৈতিক ও সামরিক ব্যক্তির নাম উঠে এসেছে। যদিও তাঁদের বিরুদ্ধে এখনো কোনো মামলা হয়নি, কমিশন তাঁদের বিরুদ্ধে সুপারিশ করেছে।
প্রতিবেদনে বিডিআরের অভ্যন্তরীণ ক্ষোভ, ডাল-ভাত কর্মসূচি, অতিরিক্ত ডিউটি, ও রাজনৈতিক প্ররোচনার বিষয়গুলোকে হত্যাকাণ্ডের পেছনের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কমিশন ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও প্রশাসনের জন্য সংস্কারমূলক সুপারিশও করেছে।
এই প্রতিবেদন এখন জাতির সামনে একটি ঐতিহাসিক দলিল, যা শুধু অতীতের অন্ধকার অধ্যায় উন্মোচনই নয়, বরং ভবিষ্যতের জন্য সতর্কবার্তাও।



















