সন্ধ্যায় নিখোঁজ সকালে মরদেহ
কুমিল্লার হোমনায় ভুট্টা খেত থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কারাকান্দি-বাহেরখেলা সড়কের পাশে পড়ে থাকা মরদেহটি শনাক্ত করা হয় শান্ত দাস (২৫) নামে এক অটোরিকশাচালকের। তিনি হোমনা উপজেলার বিজয়নগর গ্রামের গ্রাম পুলিশ অরুন চন্দ্র দাসের ছেলে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, নিহত যুবকের গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নিহতের বাবা অরুন চন্দ্র দাস বলেন, “আমার ছেলে শান্ত ভাড়ায় অটোরিকশা চালাতো। গতকাল বৃহষ্পতিবার সন্ধ্যার পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না। আজ সকালে ফেসবুকে খবর পেয়ে জানতে পারি, তার মরদেহ ভুট্টা খেতে পড়ে আছে। শুনেছি, তার অটোরিকশাটিও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার ধারণা, ছিনতাইয়ের জন্যই আমার ছেলেকে হত্যা করা হয়েছে।”
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

















