দেবিদ্বারে শাপলা কলি বনাম ট্রাক মনোনয়ন নিল দুই প্রার্থী
Oplus_131072
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টায় দেবিদ্বার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করা হয়।
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলীয় নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন এনসিপি যুব শক্তি ও ছাত্র শক্তির নেতৃবৃন্দ—উপজেলা ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম সমন্বয়কারী শামিম কাউছার, সাইফুল ইসলাম শামিম, সদস্য কাজী নাসির মিয়া, রাফসান সিদ্দিকী, হৃদয় ইসলাম, তুষার মোল্লা, শহীদ তন্ময়ের বাবা শফিকুল ইসলাম এবং শহীদ ছাব্বিরের মা রীনা আক্তার।
অন্যদিকে, একই দিনে ট্রাক প্রতীকের প্রার্থী ও কুমিল্লা জেলা ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. জসীম উদ্দিন গণঅধিকার পরিষদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তার সঙ্গে ছিলেন যুব অধিকার পরিষদের কুমিল্লা (উত্তর) জেলা সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. রাসেল বেগ, উপজেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. নজরুল ইসলাম এবং উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. মোস্তফা কামাল।
এদিন বিএনপি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশসহ মোট চারটি রাজনৈতিক দল মনোনয়নপত্র সংগ্রহ করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, মঙ্গলবার পর্যন্ত মোট ১২টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে বিএনপি ৫টি, জামায়াতে ইসলামী ১টি, এনসিপি ১টি, খেলাফত মজলিশ ১টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ১টি এবং গণঅধিকার পরিষদ ১টি মনোনয়নপত্র নিয়েছে।
দেবিদ্বার আসনে নির্বাচনী উত্তাপ বাড়ছে। শাপলা কলি ও ট্রাক প্রতীকের প্রার্থীদের মনোনয়ন সংগ্রহে কর্মী-সমর্থকদের উপস্থিতি প্রমাণ করে, আসন্ন নির্বাচনে জমজমাট লড়াই প্রত্যাশিত।



















