বিদ্রোহে বিপাকে বিএনপি স্বতন্ত্র প্রার্থীদের ঘিরে কঠোর বার্তা
Oplus_131072
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির একাধিক নেতা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় চাপে পড়েছে দলটি। ধানের শীষের পক্ষে ঐক্য অটুট রাখতে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে বিএনপি। মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে সাংগঠনিক ব্যবস্থা, এমনকি বহিষ্কারের মতো সিদ্ধান্ত নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন দলের শীর্ষ নেতারা।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্পষ্ট করে বলেন, “দলের মনোনয়নপ্রাপ্তদের বাইরে কেউ বিদ্রোহী প্রার্থী হলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” দলের একাধিক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, দলীয় পদধারী স্বতন্ত্র প্রার্থীদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে এবং তাদের মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, শতাধিক নেতা ৬০টিরও বেশি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে অনেকেই স্থানীয়ভাবে জনপ্রিয় ও ত্যাগী নেতা হলেও, দলের বৃহত্তর স্বার্থে তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে বলা হয়েছে। প্রয়োজনে তাদের বোঝাতে কেন্দ্রীয় নেতারা মাঠে নামবেন এবং ভবিষ্যতে মূল্যায়নের আশ্বাস দেওয়া হবে।
তবে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে দল কঠোর হবে বলেও জানানো হয়েছে। ইতোমধ্যে ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৯ জনকে বহিষ্কার করেছে বিএনপি। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা।
দলীয় নেতারা আরও জানান, মিত্রদের জন্য ছাড় দেওয়া আসনগুলোতে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য আসনেও একই পদক্ষেপ নেওয়া হবে।
অন্যদিকে, কয়েকজন স্বতন্ত্র প্রার্থী জানিয়েছেন, তারা দলের শৃঙ্খলা রক্ষায় শেষ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করবেন। তবে তার আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সিদ্ধান্ত নিতে চান তারা।
নির্বাচনী তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই চলবে আগামী রোববার পর্যন্ত। আপিলের সময় ৫ থেকে ৯ জানুয়ারি, নিষ্পত্তি ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।




















