জামাতের আমিরকে আলালের চ্যালেঞ্জ আগে যাইমার সঙ্গে বিতর্ক করুন
Oplus_131072
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল নির্বাচনী সমাবেশে জামাতের আমিরকে তীব্র চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বলেন, “গণমাধ্যমে দেখলাম তিনি জনাব তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে আহ্বান জানিয়েছেন। তাকে বলবো আগে আমাদের যাইমা রহমানের সঙ্গে বিতর্ক করে দিতে আসুন, তারপর দেখা যাবে।”
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কালির বাজার পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আলাল আরও বলেন, আওয়ামী লীগের মধ্যেও ভালো মানুষ রয়েছে, তাই নিরপরাধ নেতা-কর্মীদের প্রতি উদার হতে হবে।
তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে তিনি মনিরুল হক চৌধুরীর নির্বাচনী ইশতেহারে আইটি ভিলেজ স্থাপনের প্রতিশ্রুতিকে আশা জাগানিয়া বলে উল্লেখ করেন। পাশাপাশি তিনি ধর্মীয় বৈষম্যহীন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন—মুসলমানদের গোরস্থান, সনাতন ধর্মাবলম্বীদের শ্মশান, খ্রিস্টানদের চার্চ এবং ক্ষয়স্ক ত্রিপুরা সম্প্রদায়ের সংরক্ষণ।
ভোটের দিন নারী ভোটারদের মুখমণ্ডল প্রদর্শনের বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশনা মানার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ধর্মের দোহাই দিয়ে যেন কেউ ঝামেলা সৃষ্টি না করে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। তার দেওয়া স্লোগান ‘এমন মানুষ নানান মত দেশ বাঁচাতে ঐক্যমত’ আজও বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছে।”
সমাবেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ড. এম এম শরিফুল করিম কোটবাড়ি, কালির বাজার ও লালমাই পাহাড় অঞ্চলকে নিয়ে আক্তার হামিদ খান স্যাটেলাইট সিটির ধারণাপত্র উপস্থাপন করেন। অডিও-ভিজ্যুয়াল প্রস্তাবনাও প্রদর্শিত হয়।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৬ আসনের বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরী। এছাড়া কুমিল্লা বিভাগ ও দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




















