কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিশোর গ্যাংয়ের হামলায় শিক্ষার্থী আহত তিনজন আটক
কুমিল্লা শহরে কিশোর গ্যাংয়ের সদস্য কর্তৃক কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন ইসফাত ভুঁইয়া, ইরফান চৌধুরী সাদিক ও কাজী অনিত।
বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই টিটু কুমার নাথ।
জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী মো. হোসাইন ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সায়েদ হাসান ধর্মসাগর পাড় এলাকায় হাঁটার সময় শপিং ব্যাগের ধাক্কা লাগাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সদস্যরা বাগ্বিতণ্ডা শুরু করে। একপর্যায়ে তারা শিক্ষার্থীদের মারধর করে প্রাণনাশের হুমকি দেয় এবং গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিলো। এমন সময় বিশ্ববিদ্যালয়ের বাস ঘটনাস্থলে পৌঁছালে অন্যান্য শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে।
উদ্ধারের সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র দিয়ে আবারও হামলা চালায়। এতে প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান শিপন আহত হন। পরে শিক্ষার্থীরা তিনজনকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যায় এবং পুলিশ তাদের হেফাজতে নেয়।
ভুক্তভোগী শিক্ষার্থী মো. হোসাইন বলেন, “আমার শপিং ব্যাগ কারও গায়ে লাগায় তারা আমাকে মারধর করে এবং গাড়িতে তুলে নিতে চায়। বিশ্ববিদ্যালয়ের বাস দেখে আমি সাহায্য চাইলে আরও কয়েকজন অস্ত্র নিয়ে আসে।”
আতিকুর রহমান শিপন বলেন, “আমি ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে তারা আমার উপর হামলা চালায় এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আমার হাত কেটে যায়।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আব্দুল হাকিম বলেন, “আমাদের শিক্ষার্থীদের উপর কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা করেছে। শিক্ষার্থীরা তাদের ধরে প্রক্টর অফিসে নিয়ে আসে। পরবর্তীতে পুলিশে দেওয়া হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদি হয়ে মামলা করবে।”
কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই টিটু কুমার নাথ বলেন, “শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদি হয়ে মামলা করবে।”
















