পান সুপারি বিক্রি করে রাজনীতির মাঠে অটল কুমিল্লার হারুনুর রশিদ
কুমিল্লা মহানগরীর ১৩ নং ওয়ার্ডে জন্ম নেওয়া মোঃ হারুনুর রশিদ ছিলেন এক সম্ভান্ত্র মুসলিম পরিবারের সন্তান। সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে বেড়ে ওঠা এই মানুষটি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পরপর দুই বারের নির্বাচিত ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ছিলেন জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং বৃহত্তর কুমিল্লার স্বাধীনতা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক শাহ আলম ভাইয়ের স্নেহাস্পদ সহযোগী। রাজনীতির মাঠে তিনি ছিলেন এক অনন্য উদাহরণ ব্যক্তিগত লোভ-লালসা কিংবা সুবিধাবাদী প্রবণতা থেকে দূরে থেকে সততার সঙ্গে প্রতিটি আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেছেন।
জীবনের কঠিন বাস্তবতাকে বুকে ধারণ করেও তিনি দলের প্রতি অটল ছিলেন। নগরীর রাজা পাড়া এলাকায় পান-সুপারি বিক্রি করে জীবিকা নির্বাহ করেছেন। বয়সের ভারে ন্যুজ্য হলেও বিএনপির এই ত্যাগী নেতা শেষ সময়ে দলের কাছে সামান্য মূল্যায়ন প্রত্যাশা করেছিলেন।
তিনি বলেন, “আমি বেগম রাবেয়া চৌধুরীর সাথে বিএনপির রাজনীতি করেছি। সেই সুবাদে হাজ্বী আমিন-উর রশিদ ইয়াছিন ভাইয়ের সঙ্গে সম্পৃক্ত হয়ে সক্রিয় থেকেছি। আজ বৃদ্ধ বয়সে এসে বহু নেতার ছড়াছড়ি থাকলেও কোনো মূল্যায়ন পাচ্ছি না।”
তিনি আরও বলেন, “জীবনে কোনো অনৈতিক বা অবৈধ পন্থা অবলম্বন করিনি। কারণ আমি বিশ্বাস করি, বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম জিয়াউর রহমানের আদর্শের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুনাম নষ্ট হবে ভেবে।”
বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় রয়েছেন এবং চিকিৎসা নিচ্ছেন। জীবনের শেষ প্রান্তে এসে তিনি দলের প্রতি তাঁর অটল নিষ্ঠা ও ত্যাগের স্বীকৃতি কামনা করছেন।

















