কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই নেতার পাল্টাপাল্টি অভিযোগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার ও একই সংগঠনের কর্মী মো. হাসান আহমেদ হৃদয় একে অপরের বিরুদ্ধে নিরাপত্তাহীনতার অভিযোগ এনে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন।
০৫ এপ্রিল (রবিবার) তাদের দায়েরকৃত অভিযোগপত্র প্রতিবেদকের হাতে আসে।
অভিযোগপত্রে আবুল বাশার উল্লেখ করেন, গত ৪ এপ্রিল বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম উপস্থিত থাকলে তিনি ও তার দলের নেতাকর্মীরা সেখানে অবস্থান করছিলেন। এসময় ছাত্রদল পরিচয় দিয়ে কয়েকজন শিক্ষার্থী অতিথিদের পথরোধ করে সেলফি তুলতে গেলে তিনি বাধা দেন। পরে বার্ডের নতুন গেস্ট হাউজে গিয়ে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয় এবং অশালীন আচরণ করা হয়।
তিনি আরও অভিযোগ করেন, একই দিন দুপুরে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. হাসান আহমেদ হৃদয় সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ তুলে পোস্ট করেন এবং সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দেন। বাশারের দাবি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে এবং তিনি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন।
অপরদিকে মো. হাসান আহমেদ হৃদয় পাল্টা অভিযোগে উল্লেখ করেন, তিনি বার্ডে গিয়ে উপাচার্যের সঙ্গে দেখা করে সেলফি তোলেন। এতে আবুল বাশার ক্ষিপ্ত হয়ে তাকে জবাবদিহি করতে বলেন এবং নিজেকে সভাপতি পদপ্রার্থী পরিচয় দিয়ে হত্যার হুমকি দেন। হৃদয়ের দাবি, সিনিয়র নেতা হয়ে বাশার তাকে হুমকি দিয়ে উল্টো থানায় অভিযোগ করেছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
এ বিষয়ে সদর দক্ষিণ থানার পক্ষ থেকে জানানো হয়, অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই টিটু কুমার নাথকে। তিনি বলেন, অভিযোগপত্র এখনো হাতে পাননি, তবে পাওয়া মাত্র তদন্ত শুরু হবে।























