র্যাব পরিচয়ে ফোনে হুমকি সাংবাদিক মহলে তীব্র সমালোচনা
কুমিল্লায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ এর পরিচয় ব্যবহার করে সাংবাদিককে হুমকি ও ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ০১৩৪৩৯৮৪৬৮৯ নম্বর থেকে ফোন দিয়ে নিজেকে র্যাব-১১ এর সদস্য পরিচয় দিয়ে কুমিল্লা ক্রাইম বার্তার সম্পাদক ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার মোঃ রেজাকে বিভিন্নভাবে হুমকি প্রদান করা হয়।
ভুক্তভোগী সাংবাদিকের দাবি, অভিযুক্ত ব্যক্তি শুধু হুমকিই দেননি, বরং মামলার ভয় দেখিয়ে বেআইনি প্রশ্ন ও মানসিক চাপ প্রয়োগের চেষ্টা করেছেন। এতে সাংবাদিক মহলে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মোঃ রেজা বলেন, একজন ব্যক্তি র্যাবের পরিচয় দিয়ে আমাকে ফোন করে বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শন করেছে, যা সম্পূর্ণ বেআইনি। আমরা চাই, এই ধরনের প্রতারকদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে কেউ আইনশৃঙ্খলা বাহিনীর নাম ব্যবহার করে এ ধরনের অপরাধ করতে সাহস না পায়।
সাংবাদিক মহল ও সচেতন নাগরিকরা দাবি তুলেছেন শিগগিরই এই হুমকিদাতাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। প্রশ্ন উঠেছে, র্যাবের মতো একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনীর পরিচয় ব্যবহার করে যদি কেউ সাধারণ মানুষ ও সাংবাদিকদের হুমকি দেয়, তাহলে এর বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে কি না। এখন দেখার বিষয়, র্যাব-১১ কর্তৃপক্ষ তাদের সুনাম রক্ষায় অভিযুক্ত প্রতারকের বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করে।

















