বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

চান্দিনা বিএনপির তৃণমূলের দাবি: আতিকুল আলম শাওনকে বিএনপিতে পুনর্বহালের আহবান

এটিএম মাজহারুল ইসলাম প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১০:১১ এএম
চান্দিনা বিএনপির তৃণমূলের দাবি: আতিকুল আলম শাওনকে বিএনপিতে পুনর্বহালের আহবান
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লার চান্দিনা উপজেলার বিএনপির তৃণমূল নেতাকর্মীরা সংসদ সদস্য আতিকুল আলম শাওনকে পুনরায় দলে বহাল রাখার দাবি জানিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তে তাকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে স্থানীয় নেতাকর্মীদের দাবি, দলের জন্য তার দীর্ঘ রাজনৈতিক অবদান, সাংগঠনিক দক্ষতা এবং দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে পুনর্বহাল করা উচিত।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, আতিকুল আলম শাওন দীর্ঘদিন ধরে চান্দিনায় বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। বিশেষ করে মাঠপর্যায়ে দলীয় কার্যক্রম পরিচালনা, নেতাকর্মীদের সংগঠিত রাখা এবং রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তারা বলেন, নানা প্রতিকূল পরিস্থিতিতেও শাওন নেতাকর্মীদের পাশে ছিলেন এবং দলকে সুসংগঠিত রাখতে নিরলসভাবে কাজ করেছেন।

চান্দিনা উপজেলা বিএনপির প্রবীণ নেতারা বলেন, এই রাজনৈতিক পরিবারের সঙ্গে বিএনপির সম্পর্ক দীর্ঘদিনের। ২০০৬ সালে ড. রেদোয়ান আহমেদ বিএনপি ত্যাগ করে এলডিপি গঠন করলে আলহাজ্ব খোরশেদ আলম তার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করে বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকেন এবং চান্দিনা উপজেলা বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি অংশ নেন। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক আলী আশরাফের কাছে প্রায় পাঁচ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হলেও সাংগঠনিক কর্মকাণ্ডে তার সক্রিয়তা, ত্যাগ এবং নেতাকর্মীবান্ধব ভূমিকার কারণে ২০১০ সালে বিএনপির চেয়ারপারসন তাকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতির দায়িত্ব প্রদান করেন।

বিএনপির নেতাকর্মীরা আরও জানান, ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বর্জন করলে আলহাজ্ব খোরশেদ আলমও নির্বাচনে অংশ নেননি। সে সময় আওয়ামী লীগের মামলা-হামলা ও রাজনৈতিক চাপের মধ্যেও তিনি চান্দিনা উপজেলা বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজনৈতিক অঙ্গনে তার গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক নেতৃত্ব এখনো নেতাকর্মীদের মাঝে স্মরণীয় হয়ে আছে।

২০১৮ সালের ১৫ জানুয়ারি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলহাজ্ব খোরশেদ আলম মৃত্যুবরণ করেন। আলহাজ্ব খোরশেদ আলমের মৃত্যুর পর তাঁরই পুত্র আতিকুল আলম শাওন চান্দিনা উপজেলা বিএনপির নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে তিনি মাঠপর্যায়ে দলীয় কার্যক্রম পরিচালনা, নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

চান্দিনা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মনে করেন, দলের সাংগঠনিক স্বার্থে এবং তৃণমূলের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে আতিকুল আলম শাওনকে পুনরায় বিএনপিতে বহাল রাখা প্রয়োজন। তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন।

বাবার লালসার শিকার কিশোরী ৫ মাসের অন্তঃসত্ত্বা

অনলাইন ডেস্ক : প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১:০৩ পিএম
বাবার লালসার শিকার কিশোরী ৫ মাসের অন্তঃসত্ত্বা

Oplus_131072

নেত্রকোনার পূর্বধলায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী কিশোরী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

 

বুধবার (১৩ মে) বিকালে উপজেলার খলিশাউড় ইউনিয়নের ঘরুয়াকান্দা এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। শফিকুল ইসলাম বিশকাকুনী ইউনিয়নের ধলা যাত্রাবাড়ী পশ্চিমপাড়া সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী আগে ঢাকায় গৃহকর্মীর কাজ করত। পাঁচ মাস আগে বাড়ি ফিরে আসার পর থেকেই শফিকুল ভয় দেখিয়ে মেয়েকে ধর্ষণ করতে শুরু করে। এরপর থেকে নিয়মিত সে বাবার লালসার শিকার হতে থাকে।

 

প্রায় দুই মাস আগে ময়মনসিংহে এক নারী চিকিৎসকের বাসায় কাজে যোগ দেয় কিশোরী। সেখানে একমাস কাজ করার পর তার শারীরিক পরিবর্তন দেখে চিকিৎসকের সন্দেহ হয়। পরে স্বাস্থ্য পরীক্ষায় অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে অভিযুক্ত শফিকুল পালিয়ে যায়।

 

খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশের একাধিক টিম অভিযান চালায়। পরে খলিশাউড় ইউনিয়নের গরুয়াকান্দা এলাকা থেকে আত্মগোপনে থাকা শফিকুলকে গ্রেফতার করা হয়।

 

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাটি জানার পরপরই পুলিশ গুরুত্বের সঙ্গে পদক্ষেপ নেয়। সকালে ভুক্তভোগীকে থানায় এনে তার জবানবন্দি নেওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর বিকাল সাড়ে ৫টার দিকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল অপরাধের কথা স্বীকার করেছে।

চান্দিনা থানা প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

এটিএম মাজহারুল ইসলাম: প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৪:৩৭ পিএম
চান্দিনা থানা প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

কুমিল্লার চান্দিনা উপজেলায় সাংবাদিকদের পেশাগত ঐক্য, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে “চান্দিনা থানা প্রেস ক্লাব”-এর ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

 

মঙ্গলবার (১২ মে ২০২৬) বিকেলে চান্দিনা থানা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় দীর্ঘ আলোচনা শেষে উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে এ কমিটি চূড়ান্ত করা হয়। বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা সভায় চান্দিনার প্রয়াত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে চান্দিনা থানা প্রেস ক্লাব।

এসময় উপস্থিত সকল সাংবাদিক সদস্যদের মৌখিক ভোটে সাংবাদিক এটিএম মাজহারুল ইসলাম (দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার ও দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার বার্তা সম্পাদক) কে সভাপতি, সাংবাদিক এম.এ খায়ের ইমন (দৈনিক কুমিল্লার স্বাধীন সংবাদ অনলাইন পোর্টালের প্রকাশক ও সম্পাদক, দৈনিক স্বদেশ বিচিত্রার স্টাফ রিপোর্টার, দৈনিক ঘোষণার বিশেষ প্রতিনিধি ও দ্যা কান্ট্রি টুডের চান্দিনা প্রতিনিধি) কে সাধারণ সম্পাদক এবং সাংবাদিক ফখরুল ইসলাম (দৈনিক প্রতিদিনের কাগজের চান্দিনা প্রতিনিধি) কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

 

এছাড়াও আনোয়ার পারভেজ শিমুল (দৈনিক আজকের খবর ও দৈনিক প্রভাতী বাংলাদেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি) কে সহ-সভাপতি, মোঃ আব্দুস সালাম (দৈনিক ঢাকার সময় পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি ও চ্যানেল S7 কুমিল্লা ব্যুরো চীফ) কে যুগ্ম-সাধারণ সম্পাদক, মোঃ সাকিবুল হাসান (দৈনিক সরেজমিন বার্তা ও সবুজ বাংলাদেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি) কে সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ মোশারফ (দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কুমিল্লা রিপোর্টার) কে অর্থ সম্পাদক, মোঃ আনিছুর রহমান আনাছ (প্রতিদিনের বার্তাকণ্ঠের চান্দিনা প্রতিনিধি) কে দপ্তর সম্পাদক, মোঃ বায়েজিদ হোসাইন (দৈনিক কুমিল্লার আলোর চান্দিনা থানা প্রতিনিধি) কে প্রচার সম্পাদক, এটিএম ইমদাদুল ইসলাম (বাংলাদেশ ক্রাইম ২৪ এর জেলা প্রতিনিধি ও দৈনিক স্বাধীন সংবাদের চান্দিনা প্রতিনিধি) কে আইন বিষয়ক সম্পাদক এবং আনোয়ার হোসেন (দৈনিক নবজীবন) কে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক করা হয়।

 

চান্দিনা থানা প্রেস ক্লাবের অন্যান্য নির্বাহী সদস্যগণ হলেন- মোঃ রবিউল হাসান (দৈনিক দেশের পত্রের চান্দিনা প্রতিনিধি), মাহমুদুল হাসান সবুজ (বাংলা টিভি’র রিপোর্টার), মোঃ জুয়েল (দৈনিক মাতৃছায়া’র চান্দিনা প্রতিনিধি) এবং মোঃ হাবিবুর রহমান (দৈনিক রূপালী দেশের স্টাফ রিপোর্টার)।

 

সাধারণ সভায় চান্দিনা থানা প্রেস ক্লাবের নবগঠিত সভাপতি এটিএম মাজহারুল ইসলাম বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা এবং চান্দিনা থানা প্রেস ক্লাব হবে একটি নিরপেক্ষ, ঐক্যবদ্ধ ও পেশাদার সংগঠন। সাংবাদিকদের ঐক্য, পেশাগত মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে নতুন কমিটির সদস্যবৃন্দ সত্যের পথে, কলমের শক্তিতে, সমাজের কল্যাণে কাজ করা সহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করি।

 

সাধারণ সম্পাদক এম.এ খায়ের ইমন বলেন, চান্দিনার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত মর্যাদা রক্ষার জন্য আমরা সবাই একসাথে কাজ করবো। নতুন এই সংগঠন সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

উক্ত সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন সদস্য অন্তর্ভুক্তি, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

অস্ত্র উদ্ধারে ৩য়, মাদক উদ্ধারে ২য়—কৃতিত্বে কুমিল্লা জেলা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৪:২৬ পিএম
অস্ত্র উদ্ধারে ৩য়, মাদক উদ্ধারে ২য়—কৃতিত্বে কুমিল্লা জেলা পুলিশ।

 

অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে অনন্য কৃতিত্ব অর্জন করেছে কুমিল্লা জেলা পুলিশ। ২০২৫ সালের অপরাধ নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রমের মূল্যায়নে সারাদেশে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে ‘ক’ গ্রুপে তৃতীয় এবং মাদকদ্রব্য উদ্ধারে দ্বিতীয় স্থান অর্জন করেছে জেলার পুলিশ।

মঙ্গলবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত ‘পুলিশ সপ্তাহ-২০২৬’-এর বিশেষ অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের কাছ থেকে কুমিল্লা জেলা পুলিশের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।
জানা গেছে, ভারতের সঙ্গে প্রায় ১২৫ কিলোমিটার সীমান্ত এবং ১৮টি থানা নিয়ে গঠিত কুমিল্লা জেলা ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং। সীমান্তবর্তী ও নদীবেষ্টিত হওয়ায় দীর্ঘদিন ধরে চোরাকারবারিদের জন্য এই জেলা একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
তবে বর্তমান পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের যোগদানের পর জেলা পুলিশের সব ইউনিট সমন্বিতভাবে পেশাদারিত্বের সঙ্গে কাজ শুরু করে। তাঁর দিকনির্দেশনায় অস্ত্র, মাদক, চুরি ও ডাকাতি দমনে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়। এর ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, এই অর্জন কুমিল্লা জেলা পুলিশের প্রতিটি সদস্যের ত্যাগ, সাহসিকতা ও নিরলস পরিশ্রমের ফল। তিনি বলেন, ‘কুমিল্লা সীমান্তবর্তী ও জনবহুল জেলা হওয়ায় এখানে অপরাধ নিয়ন্ত্রণ সবসময় বড় চ্যালেঞ্জ। আমাদের লক্ষ্য সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলা। আইজিপি মহোদয়ের কাছ থেকে প্রাপ্ত এই সম্মাননা আমাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে।’
তিনি আরও বলেন, এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতেও অভিযান জোরদার করা হবে এবং এ ক্ষেত্রে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।

×
Skip to toolbar