কুবির বাজেটের অর্ধেকই খরচ হবে বেতন ভাতায়
কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। যার পরিমাণ ৬৪ কোটি ১৬ লাখ টাকা। বাজেটের ৩৭ কোটি ৬২ লাখ টাকা খরচ হবে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা বাবদ। যা মোট বাজেটের ৫৯ শতাংশ। এছাড়া এ বাজেটে ১ কোটি ২৫ লক্ষ টাকা ঘাটতি রয়েছে।
গত বৃহস্পতিবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈনের সভাপতিত্বে ৮৪তম সিন্ডিকেট সভায় বাজেট পাস করা হয়। এতে বাজেট উপস্থাপন করেন ট্রেজারার অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান। এর আগে গত ১৬ মে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ১৬২তম পূর্ণ কমিশন সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে ৫৯ কোটি ২ লাখ টাকা রাজস্ব বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।
২০২২-২৩ অর্থবছরে ৬৪ কোটি ১৬ লাখ টাকা বিভিন্ন খাতে বরাদ্দ রাখা হয়েছে। যেখানে ৩৭ কোটি ৬২ লাখ টাকা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা বাবদ, পণ্য ও সেবা সহায়তা বাবদ ১৩ কোটি ৮৭ লাখ টাকা, গবেষণা বাবদ ২ কোটি ৭২ লাখ টাকা, পেনশন ও অবসর সুবিধা বাবদ ৮০ লাখ টাকা, অন্যান্য অনুদান বাবদ ১৪ লাখ টাকা ও মূলধন অনুদান ৯ কোটি ১ লাখ টাকা রাজস্ব বাজেট বরাদ্দ রাখা হয়েছে। তবে ভবন মেরামত বাবদ কোন বাজেট রাখা হয়নি।
বাজেটে আয়ের উৎস হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুদান ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়। এর মধ্যে প্রারম্ভিক স্থিতি ৩ কোটি ২১ লাখ টাকা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হতে বরাদ্দ অর্থের পরিমাণ ৫৪ কোটি ৫২ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে জোগান দেয়া হবে ৪ কোটি ৫০ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের রিজার্ভ ফান্ড হতে ঋণ ৬৮ লাখ ১৬ হাজার টাকা।
২০২১-২২ অর্থবছরের বাজেট ছিল ৬১ কোটি ১৩ লক্ষ টাকা। এ বছর তা বেড়ে দাঁড়ায় ৬৪ কোটি ১৬ লাখ টাকায়। গত বছরের তুলনায় যা ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।













