কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের মামলায় সাবেক এমপি বাহারসহ ৫১ জন আসামি
কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল এবং সরকারবিরোধী স্লোগানের অভিযোগে সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারসহ ৫১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় আরও ১৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
সোমবার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে ৪৯ নম্বর আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, রোববার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ এলাকায় বাস ও মাইক্রোবাসযোগে কয়েকশ নেতাকর্মী এসে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল বের করেন এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। অভিযোগ অনুযায়ী, রাষ্ট্রের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে এ কর্মসূচি পরিচালিত হয়।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ৪৮ জনকে আটক করা হয়। সোমবার তাদের আদালতে হাজির করা হলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ মামুনুর রশিদ।
তদন্তে প্রাথমিকভাবে পাওয়া তথ্যের বরাতে পুলিশ জানিয়েছে, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইসরাফিল পিয়াস এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এহতেশামুল হক ভূঁইয়া রুমীর অর্থায়ন ও নির্দেশনায় মিছিলে অংশগ্রহণকারীরা সংগঠিত হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
মামলায় ৫০ নম্বর আসামি হিসেবে মো. ইসরাফিল পিয়াস এবং ৫১ নম্বর আসামি হিসেবে এহতেশামুল হক ভূঁইয়া রুমীকে অভিযুক্ত করা হয়েছে। পুলিশ তাদের পলাতক হিসেবে উল্লেখ করেছে। আত্মগোপনে থাকায় অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, গ্রেপ্তার ৪৮ জনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
















