কুমিল্লা মহানগরীতে যুক্ত হবে পাঁচথুবী ও আমড়াতলী
কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী ঘোষণা দিয়েছেন, নির্বাচিত হলে গোমাতীর উত্তরে অবস্থিত পাঁচথুবী ও আমড়াতলী ইউনিয়নকে কুমিল্লা মহানগরীতে একীভূত করবেন। শুক্রবার পাঁচথুবী ইউনিয়নের সুবর্নপুর ও বামইলে পৃথক নির্বাচনী সমাবেশে তিনি এ প্রতিশ্রুতি দেন।
তিনি অভিযোগ করেন, দেশে একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তবে কোনো ষড়যন্ত্রই নির্বাচন বন্ধ করতে পারবে না। তিনি দৃঢ়ভাবে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপির নেতৃত্বে দেশে পরিবর্তন আসবে।
মনিরুল হক চৌধুরী আরও বলেন, গত ১৬ বছর এ অঞ্চলে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। দীর্ঘদিন ধরে দেশে হরিলুট চলছে, যার ফলে সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে। তিনি দাবি করেন, এলাকার উন্নয়নের জন্য তার সংসদে যাওয়া প্রয়োজন এবং এজন্য জনগণের ভোটই হবে তার শক্তি।
পাঁচথুবী ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি সভাপতি সাইফুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, কৃষক দলের সভাপতি মোস্তফা জামান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

















