চান্দিনায় সাংবাদিকতার আড়ালে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতার অভিযোগ
কুমিল্লার চান্দিনায় ৫ আগস্টের পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকজন পদধারী নেতার বিরুদ্ধে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকতার পরিচয়পত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সাংবাদিক পরিচয়ে প্রকাশ্যে পেশাগত কর্মকাণ্ড পরিচালনার আড়ালে তাদের কেউ কেউ গোপনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং দলীয় স্বার্থে তদবির করে যাচ্ছেন।
স্থানীয় সূত্রের অভিযোগ, নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে চান্দিনা থানা পুলিশ গ্রেপ্তার করলে সাংবাদিক পরিচয়ধারী কয়েকজন ব্যক্তি ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়ার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ওপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেন। অভিযোগ অনুযায়ী, তাদের তদবিরে গ্রেপ্তার ব্যক্তিকে ছেড়ে দেওয়া না হলে সংশ্লিষ্ট ওসির বিরুদ্ধে কুমিল্লার পুলিশ সুপারের কাছে অভিযোগ করা হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নেতিবাচক সংবাদ প্রকাশেরও চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ ধরনের কর্মকাণ্ডের অভিযোগ সত্য হলে তা শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্বাভাবিক কার্যক্রমে প্রভাব বিস্তারের প্রশ্নই তোলে না, সাংবাদিকতার পেশাগত নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নের মুখে ফেলে। কারণ সাংবাদিকতার পরিচয় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষে আইনগত প্রক্রিয়ায় হস্তক্ষেপ কিংবা গ্রেপ্তার ব্যক্তিকে ছাড়িয়ে নেওয়ার হাতিয়ার হতে পারে না।
স্থানীয় সচেতন মহল ও পেশাদার সাংবাদিকদের দাবি, কারও বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততা, পুলিশি কাজে বাধা দেওয়া, প্রভাব বিস্তার কিংবা অন্য কোনো অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা নিরপেক্ষভাবে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে সাংবাদিকতার পরিচয়পত্র ব্যবহার করে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতিতে প্রভাব বিস্তার করছেন কি না, সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকেও তা খতিয়ে দেখা প্রয়োজন।
স্থানীয় সাংবাদিকদের বক্তব্য, সাংবাদিকতার পরিচয় পেশাগত দায়িত্ব পালনের জন্য—কোনো রাজনৈতিক দলের পক্ষে তদবির, প্রভাব বিস্তার কিংবা আইনগত প্রক্রিয়ায় হস্তক্ষেপের জন্য নয়। তাই প্রকৃত সাংবাদিকতার মর্যাদা ও বিশ্বাসযোগ্যতা রক্ষায় সাংবাদিকতার আড়ালে কোনো ধরনের রাজনৈতিক তৎপরতা বা বেআইনি প্রভাব বিস্তারের অভিযোগ থাকলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।











